বাজার ঊর্ধ্বমুখী, সক্রিয় ছিল আইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বুধবার দরপতনের মধ্যে লেনদেন চলতে থাকে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বাজার। সূচকের পতনোন্মুখ অবস্থা থেকে ঘুরে ঊর্ধ্বমুখী অবস্থায় যায় সূচক। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আজ ব্যাপক সক্রিয় ছিল বলে জানা গেছে। আরও কিছু প্রতিষ্ঠানের ভূমিকাও ছিল জোরালো।আইসিবি সূত্র জানায়, গতকালের ধারাবাহিকতায় আজও লেনদেনের শুরু থেকে দরপতনের মধ্যে লেনদেন হয় শেয়ারবাজারে। শুরু থেকেই প্রায় সব প্রতিষ্ঠানের দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এভাবেই চলতে থাকে লেনদেন।এরই মধ্যে আইসিবির পক্ষ থেকে শেয়ার কেনার তত্পরতা আরও বাড়িয়ে দেওয়া হয়। বাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। একপর্যায়ে আইসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ে যান। তিনি অর্থসচিবকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। অর্থসচিব তাত্ক্ষণিকভাবে ফোন করে সরকারি ব্যাংকগুলোকে বাজারে সক্রিয় হতে বলেন। আর এতেই বাজারের চিত্র পাল্টে যায়। দুই স্টক এক্সচেঞ্জের সূচক নিম্নমুখী অবস্থান থেকে ঘুরে দাঁড়ায়। বাড়তে থাকে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। দুপুর সাড়ে ১২টার পর থেকে বেলা আড়াইটা অর্থাত্ লেনদেনে শেষ পর্যন্ত সূচকে ঊর্ধ্বমুখী এই প্রবণতা অব্যাহত থাকে।এ ব্যাপারে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আইসিবি সব সময় বিনিয়োগকারীদের পাশে আছে। গত কয়েক দিন ধরে আইসিবি বাজারে ক্রেতার ভূমিকায় ছিল।’ আজও শেয়ার ক্রয় অব্যাহত ছিল বলে জানান তিনি।ডিএসই সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দরপতন হয়। এর ফলে সাধারণ মূল্যসূচক ১৪৮ পয়েন্টের মত পতন হয়। তবে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বাড়ে ৮৮ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বাড়ে ২৫৬ পয়েন্ট।