বাজার ছিল ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারের লেনদেন গতকাল মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় বেড়েছে সূচক। তবে গতকালের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯১টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৭৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৮৪ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ গতকাল বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডিএসই ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় তাঁরা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং বাজারে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান।কর্মশালা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে আয়োজিত দুই মাসব্যাপী এ কর্মশালাটি গতকাল উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।এ সময় খায়রুল হোসেন বলেন, সাংবাদিকদের সঠিক জ্ঞানার্জন পুঁজিবাজার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কার্যক্রম কী হবে, তা জানতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, বিআইসিএমের নির্বাহী সভাপতি আবদুল হান্নান জোয়ার্দার, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোল্লা মনসুর আহমেদ ও সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।