শেয়ারবাজারবিষয়ক তদন্ত প্রতিবেদন দাখিল করার পর প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজার ছিল মোটামুটি স্থিতিশীল। আর বিনিয়োগকারীরা কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সূচক কিছুটা কমলেও এরপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। দিনের লেনদেন শেষে সূচকের সঙ্গে বেড়েছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত বৃহস্পতিবারের চেয়ে লেনদেনও কিছুটা বেড়েছে।ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ১৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৫৬ দশমিক ৫১ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১২৮৯ কোটি টাকার, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটো, বেক্সটেক্স, ডেসকো, বিএসআরএম স্টিল, বে লিজিং, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট ও ফু ওয়াং সিরামিকস।পুঁজিবাজারে দুই মাস তদন্ত শেষে শেয়ারবাজারবিষয়ক তদন্ত কমিটি গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।ওই প্রতিবেদনে পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত বেশ কিছু ব্যক্তির নাম উঠে আসে। তবে জড়িত ব্যক্তিদের নাম নিশ্চিত না হয়ে প্রকাশ করা হবে না বলে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন।এ প্রসঙ্গে ফয়সাল আহমেদ নামের এক বিনিয়োগকারী বলেন, ‘একটি নির্বাচিত সরকার কি তাহলে কিছু লোককে ভয় পায়? পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত এসব লোকের ভয়ে সরকার তাদের নাম প্রকাশ করছে না। সরকার দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বীয় পদ থেকে পদত্যাগ করা উচিত।’আরেক বিনিয়োগকারী বলেন, সরকারের ঊর্ধ্বতন মহল দোষীদের শাস্তি দিতে চায় না। কেননা, এতে নিজেদের ভিত নষ্ট হয়ে যাবে।বিনিয়োগকারী রিয়াজ ও সাইফুল বলেন, ‘আমরা পুঁজি হারিয়ে রাজপথে বিক্ষোভ করতে চাই না। আমরা বাজারে স্থিতিশীলতা চাই।’ তাই বাজারে স্থিতিশীলতা আনতে প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।আবার কয়েকজন বিনিয়োগকারী বলেন, কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই অর্থমন্ত্রী তাঁদের নাম প্রকাশ করতে চাইছেন না। কয়েকজন বিনিয়োকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তাঁদের অবশ্যই শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, একদিকে লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় বসে, অন্যদিকে সরকারি ছত্রছায়ায় কিছু ব্যক্তি কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তাই শেয়ারবাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে পার পেয়ে না যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে।এসইসির ১০ কর্মকর্তার পদোন্নতি: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুজন কর্মকর্তাকে নির্বাহী পরিচালক ও আটজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল রোববার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া দুজন হলেন আশরাফুল ইসলাম ও হাসান মাহমুদ।এ ছাড়া পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, প্রদীপ কুমার বসাক, রাজীব আহমেদ, আবুল কালাম, মনসুর রহমান, আবুল হাসান ও শেখ মাহবুব-উর রহমান।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এরই মধ্যে তাঁদের নিজ নিজ পদে যোগদান করেছেন।