বাজার তদারকিতে আজ এসইসির নিজস্ব সফটওয়্যার চালু হচ্ছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিজস্ব বাজার তদারকি ব্যবস্থা বা সার্ভিল্যান্স সফটওয়্যার চালু হচ্ছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যার চালু করা হবে। ইতিমধ্যে সফটওয়্যারটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে ১৯৯৩ সালে এসইসি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো শেয়ারবাজার তদারকিতে নিজস্ব সার্ভিল্যান্স ব্যবস্থা চালু করা হচ্ছে। এত দিন ধরে এসইসি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভিল্যান্স সফটওয়্যারের সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে আসছিল।এসইসি সূত্র জানিয়েছে, অনানুষ্ঠানিকভাবে আজ সোমবার থেকে বিশ্বের আধুনিক প্রযুক্তির এই সফটওয়্যার চালু করা হবে। এ উপলক্ষে এসইসিতে ঘরোয়া এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এসইসির একাধিক শীর্ষ নির্বাহী জানিয়েছেন, নতুন যে সফটওয়্যারটি চালু করা হচ্ছে, সেটি বিশ্বের বড় বড় শেয়ারবাজার তদারকিতেও ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক সংস্থা এসইসির বিভিন্ন চাহিদার ভিত্তিতে সুইডেনের একটি প্রতিষ্ঠান সফটওয়্যারটি তৈরি করেছে। আজ আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম চালু করা হলেও পুরোপুরি এটিকে সক্রিয় করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। এটি সরাসরি দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন যন্ত্র বা ট্রেড সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে।জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় এসইসি এই নিজস্ব সফটওয়্যারটি স্থাপন করছে। শেয়ারবাজার তদারকিতে এখন পর্যন্ত এটিই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির তাৎক্ষণিক সময়ভিত্তিক (রিয়েল টাইম) সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম। বাজারের যেকোনো ধরনের কারসাজি তাৎক্ষণিকভাবে শনাক্ত করার বিশেষ ব্যবস্থা রয়েছে এতে।এসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে যে পদ্ধতিতে কারসাজি শনাক্ত করা হয়, সেটি করতে প্রথমে ডিএসইর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। সেই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কারসাজি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়। এতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু নতুন সফটওয়্যারে তাৎক্ষণিকভাবে কারসাজির ঘটনা শনাক্ত করা সম্ভব হবে।নাম প্রকাশে অনিচ্ছুক এসইসির এক শীর্ষ নির্বাহী জানান, নতুন এই সফটওয়্যারে বিশেষ ব্যবস্থায় ২০-২৫টি সূচক বা প্যারামিটার যুক্ত করা থাকবে। এসব সূচকের কোনোটিতে কোনো ধরনের কারসাজি ঘটলে সঙ্গে সঙ্গে একটি সংকেত পাওয়া যাবে। ওই সংকেতের ভিত্তিতেই নজরদারিতে নিয়োজিত এসইসির কর্মকর্তা বুঝতে পারবেন, কোথাও কোনো কারসাজি বা অনিয়ম হয়েছে। এর পরই দ্রুত শনাক্ত করা যাবে কোন প্রতিষ্ঠান ও ব্যক্তি এই কারসাজির সঙ্গে যুক্ত রয়েছেন। যেমন বাজারের এক বা একাধিক বিনিয়োগকারী একাধিক ব্রোকারেজ হাউসের মাধ্যমে সিরিজ লেনদেনের মতো কারসাজির ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তা নতুন এই সফটওয়্যারের মাধ্যমে ধরা পড়বে। পাশাপাশি আগ্রাসী শেয়ার বিক্রি, শর্ট সেলসহ ছোট ছোট অনেক অনিয়মের ঘটনাও অতি সহজে ধরা যাবে।শুধু তা-ই নয়, সাধারণ বিনিয়োগকারীদের নির্দিষ্ট একটি শেয়ারে আগ্রহী করতে কেউ যদি দাম কারসাজির পরিবর্তে ওই শেয়ারের লেনদেনের পরিমাণ বাড়ানোর কারসাজি ঘটায়, সেসব বিষয়ও সঙ্গে সঙ্গে শনাক্ত করা সম্ভব হবে।এসইসির সূত্রটি আরও জানায়, বর্তমানে শেয়ারবাজারে প্রায়ই দেখা যায়, বড় বড় বিনিয়োগকারী বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচার ক্ষেত্রে দর সংশোধন বা প্রত্যাহারের ঘটনা ঘটান। এখন থেকে সেটিও শনাক্ত করতে পারবে এসইসি।এসইসির ওই কর্মকর্তা আরও বলেন, শেয়ারবাজারে যত ধরনের কারসাজির ঘটনা ঘটে থাকে, প্রতিটি শনাক্ত করতে আলাদা প্যারামিটার বা সূচক সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে এই সফটওয়্যারে।এ বিষয়ে জানতে চাইলে এসইসির মুখপাত্র প্রথম আলোকে বলেন, ‘নতুন এই সফটওয়্যার পুরোপুরিভাবে চালু হলে বাজারে কারসাজির প্রবণতা অনেকাংশে কমে যাবে। এসইসির পক্ষে সুষ্ঠুভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।’ সাইফুর রহমান আরও বলেন, বর্তমানে সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে শেয়ারবাজার তদারকিতে এই সফটওয়্যার ব্যবহূত হচ্ছে।জানা গেছে, ভারত ও সুইডেনের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে নতুন এই সফটওয়্যার সরবরাহ করেছে। পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এসইসির নিজস্ব এই তদারকি ব্যবস্থা স্থাপন করছে। পুঁজিবাজারের সাম্প্রতিক ধসের পর এসইসির নিজস্ব বাজার তদারকি ব্যবস্থার বিষয়টি বেশ জোরালোভাবে আলোচনায় উঠে আসে। এসইসির তদারকি দুর্বলতার কারণে বাজারে বড় বড় সব কারসাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। তাই বর্তমান এসইসি মনে করছে, নতুন সফটওয়্যারটি চালু হলে বাজার তদারকি দুর্বলতা কেটে যাবে।এসইসি সূত্র জানায়, নতুন এই সফটওয়্যার পরিচালনার জন্য ইতিমধ্যে এসইসির পাঁচজন কর্মকর্তাকে প্রশিক্ষিত করা হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকজন কর্মকর্তাকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।