বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়
রমজান মাস সামনে রেখে চাল, ডাল, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগ মাঠে নেমেছে।কম দামে চারটি পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আর বাজার তদারকির কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসব সংস্থা বাজারে চাহিদা মোতাবেক পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করবে। ইতিমধ্যে তদারক দল বাজারে অভিযান শুরু করেছে।বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।বাজারে নিত্যপণ্যের সরবরাহ যেন পর্যাপ্ত থাকে, সে জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত মতবিনিময় সভা করে যাচ্ছে। এসব সভায় ব্যবসায়ীরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন, চাহিদার চেয়ে এবার অনেক বেশি চাল, ডাল, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের মজুত আছে। এবারও ভোজ্যতেল, ডাল, চিনি ও ছোলা ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের মতো খোলা ট্রাক ও ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ইতিমধ্যে পর্যাপ্ত সংগ্রহ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক দল বাজার তদারক শুরু করেছে। বিভাগ ও জেলা পর্যায়েও অধিদপ্তরের এসব দল বাজার তদারক জোরদার করেছে।