বাজার থেকে ১১৫ কোটি টাকা তুলবে দুই কোম্পানি
পুঁজিবাজার থেকে ১১৫ কোটি টাকা উত্তোলন করবে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত কমিশন সভায় প্রতিষ্ঠান দুটির টাকা উত্তোলনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। আজ সন্ধ্যায় কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা দামের তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। ফিক্সড প্রাইস মেথডে প্রতিষ্ঠানটি এই টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৭২ টাকা ও প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৫.৫৩ টাকা। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যাংকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেড। এদিকে, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে ১০ টাকা দামের প্রতিটি শেয়ারের দাম ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় ইস্যু করার (ফিক্সড প্রাইস মেথড) অনুমোদন দেওয়া হয়। গত ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির ইপিএস ৩.৬২ টাকা ও এনএভি ১৯.৪৫ টাকা।বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এ ছাড়া আজকের সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২-এর ওপর পাওয়া জনমত জরিপ যাচাই-বাছাই শেষে কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। বিষয়টি গেজেট নোটিফিকেশন জারির জন্য বিজি প্রেসে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।