বাজার থেকে ২৪০ কোটি টাকা তুলবে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪০ কোটি টাকা তুলবে। আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় প্রতিষ্ঠানটির টাকা তোলার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরিয়ন ফার্মা লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের চার কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ওই টাকা তুলবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ৬০ টাকা (নির্ধারিত মূল্যপদ্ধতি বা ফিক্সড প্রাইস মেথড) নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারে ৫০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের সমন্বিত নিরীক্ষিত হিসাব অনুযায়ী ওরিয়ন ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.৫৭ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৭৬.৮৬ টাকা।প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এ ছাড়া আজকের সভায় রহিমআফরোজ গ্লোবাট লিমিটেডকে ৩০ লাখ রিডিমেবল কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০০ টাকা (কোনো প্রিমিয়াম ছাড়া) নির্ধারণ করা হয়।