বাজার ধরতে বাংলাদেশি ব্র্যান্ড প্রসারণের তাগিদ
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তিন দিনব্যাপী জার্মান বাণিজ্য প্রদর্শনী (ট্রেড শো) শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনকালে জার্মানিসহ বিভিন্ন দেশের বাজার ধরতে বাংলাদেশি ব্র্যান্ড প্রসারণের তাগিদ দেওয়া হয়েছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে এই বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাংলাদেশ জার্মান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিএ) এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও জার্মানির প্রথম সারির তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক, যন্ত্রপাতি, আসবাব, তৈরি পোশাক ও মোটরগাড়িসহ বিভিন্ন বিলাসদ্রব্য প্রস্তুতকারক প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। এর পরিমাণ বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা। আবার জার্মানি থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হয়। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এইচ ই হলগার মাইকেল বলেন, বিজিসিসিএর এই উদ্যোগ প্রশংসনীয়। এতে করে উদ্যোক্তারা উভয় দেশের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। এ সময় আরও বক্তব্য দেন বিজিসিসিএর সভাপতি সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক ড্যানিয়েল ফেইডেল, সহসভাপতি সাদাকাত হোসাইন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পরই ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারাই এতে অংশ নেন। এতে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন দি ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, বিশ্বে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়তে হবে। এ ছাড়া পণ্যের মান বাড়ানোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, দক্ষ জনবল তৈরি করতে হবে। বক্তারা দেশীয় পণ্য সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়ানো, আন্তর্জাতিক প্রদর্শনী ও সেমিনার আয়োজন এবং বিদেশি ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে পণ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে হবে।মাহফুজ আনাম বলেন, ‘আমরা এখন জার্মানিতে জাহাজ রপ্তানি করি, আবার মানসম্পন্ন প্রকৌশল পণ্য তৈরি করতে পারি। বাংলাদেশের এই আমূল পরিবর্তনের বিষয়ে সবাইকে জানাতে হবে।’প্রদর্শনী: অনুষ্ঠানের উদ্বোধনের পর থেকেই বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে আসেন। তাঁরা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন। অনেকে আবার পণ্যের বিস্তারিত বিবরণসংবলিত ক্যাটালগ নিয়ে গিয়েছেন। বেস্টওয়ে পাওয়ারটেকের স্টলে ‘সবুজ সাথী-ল্যান্টার্ন’ দর্শনার্থীদের নজর কাড়ে। এই ল্যান্টার্ন সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল), এমনকি বিদ্যুৎ দিয়ে রিচার্জ করা যাবে। একবার পূর্ণ চার্জে একটানা সাত ঘণ্টা আলো পাওয়া যাবে। তিনটি মডেলের এই ল্যান্টার্নগুলো এক বছরের ও সোলার প্যানেলে ১০ বছর বিক্রয়োত্তর সেবা দিচ্ছে—এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।প্রদর্শনীতে ঢুকতেই চোখে পড়বে কাঠের তৈরি ছোটখাটো একটি জাহাজের প্রতিকৃতি। সামনে এগোলেই দেশের অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের দৃষ্টিনন্দন স্টল। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬৩টি জাহাজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে জার্মানিতে ছয়টি ও ফিনল্যান্ডে একটি জাহাজ রপ্তানি হয়েছে। বর্তমানে ৩৩টি জাহাজের কার্যাদেশের মধ্যে ১৫টিই জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক ও পাকিস্তানে রপ্তানি হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমানে জার্মানিতে বেশি জাহাজ রপ্তানি হচ্ছে। তাছাড়া খুচরা যন্ত্রাংশের বেশির ভাগই জার্মানি থেকেই আসে। ফলে এই প্রদর্শনীর মাধ্যমে দেশে বসেই আমরা খুচরা যন্ত্রাংশের কার্যাদেশ দিতে পারছি। এমনকি ওই দেশের ক্রেতারাও আমাদের পণ্য যাচাই-বাছাই করে জাহাজের ক্রয়াদেশ দিতে পারছেন। প্রদর্শনীতে বিনিয়োগ বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশে জার্মান দূতাবাস, হেডেলবার্গ সিমেন্ট, অটোবি, আইসিডিডিআরবি, লাল তীর সিড, ল্যান্ডমার্ক ফুটওয়্যার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্যান প্যাসিফিক সোনারগাঁও, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, কেয়ার বাংলাদেশ, ডিএইচএল, ইইউ ডেলিগেশন, আনন্দ শিপয়ার্ড অ্যান্ড স্লিপওয়ে, কাতার এয়ারওয়েজ, সিমেন্স বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল আছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী কাল শনিবার শেষ হবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহী দর্শনার্থীরা নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীতে যেতে পারবেন।