কাঁচামালের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের দাম অনেক বেড়ে গেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যকে তীব্র প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধান না করতে পারলে চীন, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারতের মতো বড় প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে লড়াই করে আমাদের বাজার ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এসব কথা বলে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন ২০১২-১৩ অর্থবছরের বাজেটে অন্যান্য খাতের মতো প্লাস্টিকপণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা দেওয়ার দাবি জানান।ইকবাল হোসেন বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত খেলনা, মেলামিন, ব্যান্ড, ক্লিপসহ বেশ কিছু পণ্যের ট্যারিফ ভ্যালু অনেক বেশি। এ সুযোগে ডাম্পিংয়ের মাধ্যমে আমদানি তৈরি পণ্য দেশে ঢুকছে এবং খুব অল্প দামে বাজারে বিক্রি হচ্ছে। এতে করে দেশীয় পণ্য অস্বাভাবিক প্রতিযোগিতায় পড়ে মার খাচ্ছে। এ জন্য দেশীয় শিল্পের প্রতিরক্ষণের স্বার্থে আমদানি করা তৈরি পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং কর আরোপ করার প্রয়োজন বলে মনে করেন তিনি।সাধারণ সম্পাদক আরও বলেন, রপ্তানিমুখী প্লাস্টিকশিল্পের কাঁচামাল আমদানির জন্য ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করে বন্ড কর্তৃপক্ষ। এতে রপ্তানিকারকেরা কালক্ষেপণ এবং আর্থিক লেনদেনসহ নানামুখী হয়রানির শিকার হন। ইকবাল বলেন, ‘গত বছর বিপিজিএমইএকে ইউপি ইস্যুর দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে আমাদের কাছ দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না।’ তিনি অতিদ্রুত বিষয়টি বাস্তবায়ন করতে এসআরও জারি করার দাবি জানান। দেশের প্লাস্টিকপণ্য উৎপাদনের জন্য উন্নত মানের মোল্ড ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আমদানি করতে হয়। মোল্ড ও যন্ত্রপাতি আমদানির ওপর ৩ শতাংশ শুল্ক আরোপ করায় উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আমদানি শুল্ক শূন্য করার দাবি জানান বিপিজিএমইএর সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মোল্ডের ক্ষেত্রে ইনভয়েস ভ্যালুর ওপর শুল্কায়ন করার কথা বলেন।