বাজার নজরদারিতে এসইসির সার্ভিল্যান্স সফটওয়্যার নেই!
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিজস্ব কোনো সার্ভিল্যান্স সফটওয়্যার নেই। কমিশনের বয়স প্রায় ১৭ বছর অতিক্রম করছে। এ ধরনের একটি সফটওয়্যারের ব্যয় তিন লাখ ডলার বা দুই কোটি টাকা। এর জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কারিগরি সহায়তা ও অর্থ দিতেও রাজি আছে। তারপরও এ ব্যাপারে কমিশনের দিক থেকে জোরালো কোনো উদ্যোগ নেই।বর্তমানে এসইসি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সফটওয়্যার ব্যবহার করে নজরদারি করে থাকে। এ ক্ষেত্রে জনবলেরও রয়েছে চরম ঘাটতি। মাত্র দুজন লোক দিয়ে কমিশন প্রতিদিনের বাজার নজরদারি করে থাকে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে সুশাসন আনতে নজরদারি ব্যবস্থাপনাকে শক্তিশালী করার কথা বলে আসছেন। এডিবির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে কমিশনকে তাগাদা দেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার নিয়ে এডিবি এক প্রকাশনায় বলেছে, প্রতিদিনের শেয়ারবাজারের লেনদেন নজরদারির জন্য নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ কারওই পর্যাপ্ত ব্যবস্থা নেই। সংস্থাটি মনে করে, এ ক্ষেত্রে কারিগরি ও জনবলের রয়েছে চরম ঘাটতি। এসইসির বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ থেকে ২০০৮-০৯ এই চার বছরে সংস্থাটি ২৩৬টি সন্দেহজনক অনিয়ম উদঘাটন করেছে। আর তদন্ত হয়েছে মাত্র ৩৭টি ঘটনার। শাস্তি দেওয়া হয়েছে আরও কমসংখ্যক ঘটনায়। কিন্তু বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘটিত অনিয়মের তুলনায় এই হার অনেক কম। শক্ত সার্ভিল্যান্স ব্যবস্থা এবং জনবলের ঘাটতির কারণেই অনেক অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না কমিশন—এমনটাই মনে করে এডিবি। এ ব্যাপারে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে। এশীয় উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পের অধীনে সার্ভিল্যান্স সফটওয়্যার তৈরির অর্থও বরাদ্দ আছে। বিলম্বের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, বিদেশি একজন পরামর্শক বিষয়টি নিয়ে কাজ করছে। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে এডিবির যে প্রকল্পটি চালু আছে, সেটির মেয়াদও পরিকল্পনা কমিশন ২০১১ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে।এদিকে বাজারে নজরদারি ব্যবস্থার বিষয়টি উল্লেখ করে এর আগে কয়েক দফা সরকারের শীর্ষ মহলকে অবহিত করেছে একটি গোয়েন্দা সংস্থা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার কেনাবেচার পদ্ধতি কম্পিউটারভিত্তিক হয়েছে। কিন্তু এর জন্য কোনো ডিজিটাল নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়নি। এডিবি ২০০৭ সালে বাজারে নজরদারি ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও আরও কিছু উন্নয়নের জন্য ৩০ লাখ ডলার বা ২১ কোটি টাকার একটি কারিগরি সহায়তা দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এর বেশির ভাগ অর্থ অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং বাজারের সুশাসন আনতে অতি দ্রুত কমিশনকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। গত সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে ১০ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। প্রতিদিন অন্তত এক লাখ বিও অ্যাকাউন্টধারী বাজারে সক্রিয় থাকেন। এ অবস্থায় এসইসির নিজস্ব অনলাইন সার্ভিল্যান্স জরুরি ভিত্তিতে তৈরি করা দরকার বলে তিনি মন্তব্য করেন।