বাজার পর্যবেক্ষণে ডিএসইর বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন রকিবুর রহমান। অন্য সদস্যরা হলেন: অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নূরুল আমীন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিমিটেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেডের সভাপতি ও ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকারুজ্জামান।আজ মঙ্গলবার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক আবদুল হক, পরিচালক আহসানুল ইসলাম, পরিচালক হানিফ ভূঁইয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে রকিবুর রহমান বলেন, ‘এখন থেকে আমরা আর কোনো প্রত্যাশার সৃষ্টি করতে চাই না। কাজ করতে চাই। বাজারসংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে বাজার তার নিজস্ব গতিতে স্থিতিশীল হবে।’আসন্ন মুদ্রানীতিতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে, এমন কোনো নীতি থাকবে না—বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান রকিবুর রহমান।ডিএসইর সভাপতি বলেন, ২০০৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে বেশ কয়েকটি কোম্পানি বাজার থেকে অর্থ উত্তোলন করেছে। কিন্তু তারা উত্তোলিত অর্থ যথাযথভাবে কাজে লাগায়নি। এর ফলে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের আগে কোম্পানিগুলোর যে অবস্থা ছিল, অর্থ উত্তোলনের পরও সেই একই অবস্থানে রয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়ে অবনতি ঘটেছে। আর তাই এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর কঠোর নজরদারি করা হবে। এ ছাড়া যেকোনো অনিয়ম ধরা পড়লে সময়ক্ষেপণ না করে তাত্ক্ষণিকভাবে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। শেয়ারবাজারে অব্যাহত দরপতনের কারণ খুঁজতে এবং তা সমাধানের উপায় বের করতে তিন সপ্তাহ ধরে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে ডিএসই কর্তৃপক্ষ। এসব বৈঠক থেকে বাজারে বিদ্যমান বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়। একই সঙ্গে তা সমাধানে করণীয় নির্ধারণ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।