বাজার পর্যবেক্ষণে তত্পর ডিএসই-সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার নিয়ন্ত্রণে তত্পর রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার ক্রয় করছেন কি না, তা-ও পর্যবেক্ষণ করবে দুই স্টক এক্সচেঞ্জ।এ ছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসইসি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তবায়নের লক্ষ্যে দুই পক্ষই একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সিএসইর নবনির্বাচিত সভাপতি আল মারুফ খান। আর ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেছেন, উদ্যোক্তা-পরিচালকেরা নিয়ম অনুযায়ী শেয়ার ক্রয় করছেন কি না, তা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে।আজ বুধবার ডিএসইর সভাকক্ষে সিএসই ও ডিএসইর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই স্টক এক্সচেঞ্জের সভাপতিরা।আল মারুফ খান বলেন, ‘ডিএসইর নিমন্ত্রণে আজ আমরা দুই পক্ষ বৈঠক করেছি। পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। এতে এসইসির ঘোষিত প্যাকেজ কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘পুঁজিবাজার স্থিতিশীলতার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একটি ইতিবাচক পদক্ষেপ। এখন আমাদের উচিত হবে, এসইসি যে প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তবায়ন করা।’ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে সক্রিয় করতে সরকারপ্রধানদের হস্তক্ষেপ একটি স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেন তিনি। উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার বিষয়ে তিনি বলেন, এসইসির নির্দেশনার পর অনেক কোম্পানির পরিচালক এরই মধ্যে শেয়ার কেনা শুরু করেছেন। গতকালও অনেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ফলে আশা করা যায়, পরিচালকদের শেয়ার ক্রয়ে বাজার ক্রমান্বয়ে স্থিতিশীল হবে। আর এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হবে।ডিএসইর সভাপতি শাকিল বলেন, এসইসি বাজার স্থিতিশীলতার লক্ষ্যে যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তবায়ন করার লক্ষ্যে ডিএসই ও সিএসই তদারকি চালিয়ে যাবে। মূলত বাজার স্থিতিশীল করার জন্য ঘোষিত প্যাকেজ বাস্তবায়ন করতে হবে।এমন অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানির পরিচালকের সংখ্যা ২০ জনের বেশি। সেসব কোম্পানির উদ্যোক্তারা কীভাবে ৩০ শতাংশ বা এককভাবে ২ শতাংশ শেয়ার ক্রয় করবে—এমন এক প্রশ্নের জবাবে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানিতে ২০ জনের বেশি পরিচালক থাকার কথা নয়। যদি কোনো কোম্পানিতে ২০ জনের বেশি পরিচালক থেকে থাকে, তবে তা অবৈধ। কোম্পানিগুলোকে নিজ উদ্যোগে বিষয়টি সমাধান করতে হবে।