নিজস্ব প্রতিবেদকএক দিন মূল্য সংশোধনের পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। দিনশেষে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে প্রায় ১১২ পয়েন্ট বা ২ দশমিক ৬৯ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৭৯ পয়েন্ট বা ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে প্রায় ৯১ শতাংশ ও সিএসইতে ৮৯ শতাংশেরই দাম বেড়েছে। যদিও মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৯০ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল ২৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।ঢাকার বাজারে গতকাল লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। এর মধ্যে কয়েকটি কোম্পানি গতকাল লভ্যাংশ বিতরণের ঘোষণা দিয়েছে। এতে ব্যাংকিং খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ায় দামের ওপরও তার ইতিবাচক প্রভাব পড়ছে। গতকাল ঢাকার বাজারে লেনদেন হওয়া ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে সব কটিরই দাম বেড়েছে। এ খাতের শেয়ারের দর বাড়ায় তা সূচকের ওপরও ইতিবাচক প্রভাব রাখছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ঢাকার বাজারের মূল্যসূচক বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সাধারণ বিমা, ব্যাংক, প্রকৌশল, ওষুধ এবং বস্ত্র খাতের কোম্পানিগুলো।ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসই তদারকব্যবস্থা জোরদার করায় বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪১৯ পয়েন্টে। দিনশেষে সিএসইতে প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা প্রায় আগের দিনের সমপরিমাণ।