বাজার বাড়াতে কোকাকোলার নানা পরিকল্পনা
কোমল পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কোকাকোলা বাংলাদেশে তাদের বাজার বাড়াতে নানামুখী পরিকল্পনা নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা ও রাজশাহীতে নিজস্ব বিক্রয় ও বিপণন বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিক্রয় ও বিপণননীতির কারণে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের লোকজন কোকাকোলা, স্প্রাইট ও ফান্টা ব্র্যান্ডের কোমল পানীয় আরও সহজে পাবে।এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ একটি নিজস্ব কারখানা স্থাপনের জন্য কোকাকোলার পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। কোকাকোলা ফারইস্ট লিমিটেড এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে সরকারের সঙ্গে যৌথভাবে বিনিয়োগের কথা বলা হয়েছে।এ ছাড়া কুমিল্লায় অবস্থিত আবদুল মোনেম লিমিটেড কর্তৃক কোকাকোলার বোতল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের সঙ্গে নতুন একটি কারখানা স্থাপনের কথাও বিবেচনা করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কোকাকোলার নিজস্ব কারখানা স্থাপনের প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।