বাজার-সুবিধার প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনে পণ্য ও সেবা খাতের বাণিজ্যে গরিব দেশগুলোকে বাজার-সুবিধার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কণ্ঠস্বর জোরালো করবে বাংলাদেশ। এ জন্য আগের কয়েকটি সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দেওয়া হবে।
ডব্লিউটিওর বালি সম্মেলন সামনে রেখে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ডব্লিউটিও বৈঠকে যোগ দেওয়ার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির এক প্রস্তুতিমূলক সভায় এমন আলোচনা হয়েছে। সভাসূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। আগামী ৩-৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
সভায় বলা হয়, ২০০৫ সালে হংকং সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) যে শুল্ক ও কোটামুক্ত বাজার-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পুরোটা আজও কার্যকর হয়নি। আবার, ২০১১ সালের সম্মেলনে এলডিসির জন্য সেবা খাতের বাণিজ্যে বিশেষত শ্রমের অবাধ চলাচলের ক্ষেত্রে বাজার-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হলেও তা আলোর মুখ দেখেনি।
সূত্র জানায়, পণ্যের উৎসবিধি (রুলস অব অরিজিন), তুলা ইস্যু ও বাণিজ্য সহজীকরণ চুক্তির বাস্তবায়ন নিয়ে সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
হংকং সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল উন্নত ও সামর্থ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো এলডিসিদের শুল্ক ও কোটামুক্ত বাজার-সুবিধা দেবে। যেসব দেশ শতভাগ সুবিধা দিতে পারবে না, তারা অন্তত ৯৭ শতাংশ সুবিধা হলেও দেবে। আট বছর হতে চললেও এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। মূলত উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এখনো শতভাগ বাজার-সুবিধা দেয়নি।
আবার ডব্লিউটিওর আওতায় বাণিজ্য সহজীকরণের ওপর একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। উদ্দেশ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি আধুনিক ও উন্নত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে বাণিজ্য সম্পাদনের সময় ও ব্যয় কমে। উল্লিখিত সব বিষয়েই এবারের সম্মেলনে কণ্ঠস্বর জোরালো করে অবস্থান নেওয়া হবে।
সভা শেষে যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগামী সম্মেলনে বাংলাদেশ তো বটেই, সব এলডিসির জন্যই কথা বলবে বাংলাদেশ। কারণ, ডব্লিউটিওতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো অনেক প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন থেকে পিছিয়ে থাকে। বালি সম্মেলনে আমরা চাইব, অন্তত আগের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন।’
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে।