বাজার স্থিতিশীলকরণ তহবিল নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত এমএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে থাকতে আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আজ মঙ্গলবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁদের ইচ্ছা প্রকাশ (ইওআই) করতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁরা কী পরিমাণ শেয়ার নিতে ইচ্ছুক তাও জানাতে বলা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে। গত ২৭ আগস্ট তাঁরা বিভিন্ন ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।পুঁজিবাজারের প্রান্তিক ঋণের সংকট থেকে উদ্ধারের উপায় হিসেবে বাজার স্থিতিশীলকরণ তহবিল (এমএসএফ) নামের একটি মেয়াদহীন বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এমএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে এ তহবিলটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এদিকে গতকাল দুপুরে এ কে আজাদ, সালমান এফ রহমান ও শেখ কবির হোসেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে তহবিলটি নিয়ে আলোচনা করেছেন। টেলিফোনে যোগাযোগ করা হলে বৈঠক প্রসঙ্গে এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘বাজার স্থিতিশীল ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষায় মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ প্রসঙ্গে আমরা এসইসিকে অবহিত করেছি। এসইসির চেয়ারম্যান মিউচুয়াল ফান্ড গঠনের এ উদ্যোগের সঙ্গে নীতিগতভাবে সমর্থন ব্যক্ত করেছেন।’ একই সঙ্গে এসইসির চেয়ারম্যান মিউচুয়াল ফান্ড গঠন-সম্পর্কিত লিখিত প্রস্তাবনা দিতে বলেছেন বলে উল্লেখ করেন এ কে আজাদ। তিনি জানান, একই বিষয়ে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তাঁরা বৈঠক করবেন।জানা গেছে, এ বৈঠকে যেসব ঋণদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তি বিনিয়োগকারী এমএসএফের ইউনিটের বিনিময়ে তাদের বিনিয়োগ কোষ হস্তান্তর করবে, তাদের বিনিয়োগ কোষের বিপরীতে প্রদত্ত ঋণের বিপরীতে সুদ দুই বছর পর্যন্ত মওকুফ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হবে। একই সঙ্গে এ জন্য এসব ঋণকে শ্রেণীকরণ ও ঋণের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং দুই বছর মুলতবি রাখতেও বলা হতে পারে। শেয়ারের বিপরীতে ঋণ নিয়ে অতিরিক্ত বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন বিনিয়োগকারীদের ঋণের দায় নিতে বেসরকারি পর্যায়ে একটি মিউচুয়াল ফান্ড গঠন করার জন্য গত বৃহস্পতিবার এফবিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা দেয়। একই দিন মিউচুয়াল ফান্ড গঠন প্রসঙ্গে একটি ধারণা প্রকাশ করে সংগঠনটি। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তহবিলের ইউনিটের বিপরীতে তাদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিও বিনিময় করতে পারবে। এর মাধ্যমে বিনিয়োগকারীর বিনিয়োগ কোষের সব দায় তহবিল নিয়ে নেবে।