বাজারবান্ধব নীতি গ্রহণে বাংলাদেশ ব্যাংককে এসইসির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার বড় ধরনের দরপতন হয়েছে। ফলে দুই স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক কমার পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধনও কমেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি মাসে আইপিওর মাধ্যমে মবিল যমুনা লুব্রিক্যান্টস ও এমআই সিমেন্টের প্রাথমিক শেয়ার ধরার জন্য বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজার থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতায় আজ সকাল থেকেই শেয়ার বিক্রির চাপ ছিল। আর একই হারে শেয়ার ক্রয় না করায় এ দরপতনের ঘটনা ঘটে।এদিকে গতকাল এবং আজ শেয়ারবাজারে দরপতনের ঘটনার পরিস্থিতি সামাল দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। গভর্নরের সঙ্গে ওই কর্মকর্তা বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি শেয়ারবাজারবান্ধব নীতি গ্রহণের জন্য গভর্নরকে পরামর্শ দিয়েছেন বলে এসইসি সূত্রে জানা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ২ দশমিক ৪৮ শতাংশ বা ২০৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৭৯৮০ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে ১২০ পয়েন্ট কমে যায়। এর আগে গত ৮ ও ১৯ ডিসেম্বর ডিএসইতে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। দুই দিনই পুঁজি হারানোর আশঙ্কায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।এদিকে আজ ডিএসইতে মোট এক হাজার ১৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকাল সোমবারের চেয়ে ২১৬ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ৩৭২ কোটি টাকার লেনদেন হয়। ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সবকটি প্রতিষ্ঠানের দাম কমেছে। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে সবকটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৮টির, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সবকটির, খাদ্য খাতের ১৩টির মধ্যে ১১টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সবকটির, বিমা খাতের ৪৪টির মধ্যে সবকটির, আইটি খাতের পাঁচটির মধ্যে দুটির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ৩১টির মধ্যে ১২টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৬টির, সেবা খাতের চারটির মধ্যে সবকটির, চামড়া খাতের চারটির মধ্যে সবকটির, টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ৪৭১ দশমিক ১৮ পয়েন্ট কমে ২২৭১৬ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে বাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজারে তারল্য-সংকটই আজকের দরপতনের প্রধান কারণ। কেননা, তারল্য-সংকটের কারণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো এসইসির সিদ্ধান্ত মোতাবেক বিনিয়োগকারীদের পর্যাপ্ত ঋণ দিতে পারছে না। অন্যদিকে অনেক বিনিয়োগকারী নতুন আইপিওর দিকে ঝুঁকে পড়া এই দরপতনের কারণ হতে পারে।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, বেক্সিমকো, বেক্সটেক্স ও ওয়ান ব্যাংক। এ ছাড়া আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ৭৮৭ কোটি টাকা।