বাজারভেদে দামের পার্থক্য নিয়ন্ত্রণ সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর বাজারে যে পণ্যের দাম ১০ টাকা, কারওয়ান বাজারে তা হয়তো ১৫ টাকা। বাজারভেদে পণ্যের দামের এই পার্থক্য নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়।

সচিবালয়ে গতকাল বুধবার জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানেবের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগ ও জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম রয়েছে। তারা এগুলো দেখবে। মন্ত্রণালয়ও তদারক কার্যক্রম জোরদার করবে।

নিত্যপণ্যের দাম আরও বাড়বে কি না, জানতে চাইলে তোফায়েল বলেন, ‘আশা করি, না। বাড়ার কোনো কারণ নেই। আমাদের দপ্তরকে নির্দেশ দেওয়া হবে, যাতে কোরবানির ঈদের আগে আরও ভালো করে তদারক করা হয়।’

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে আরও দুই সপ্তাহ সময় পাওয়া গেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী চালের দাম কমার তথ্য তুলে ধরলে সাংবাদিকেরা তাঁকে বলেন, চালের দাম বেড়েছিল ১০ টাকা আর কমেছে ১ টাকা। বাণিজ্যসচিব শুভাশীষ বসু তখন দাবি করেন, চালের দাম কেজিতে চার টাকা কমেছে এবং খুচরা বাজারে একেক পণ্যের একেক দাম থাকায় তদারক করা কষ্টসাধ্য।

পেঁয়াজের দাম কয়েক দিনের মধ্যেই ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে—এ তথ্য তুলে ধরলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি যেটা মনে করি, সবকিছুই মোটামুটি স্বাভাবিক আছে। হয়তো কোনো একটা জায়গায় একটা সমস্যা হয়েছে। আপনি যদি পেঁয়াজের জন্য গুলশানের ল্যাভেন্ডারে (সুপারশপ) যান, আমি নিজেও যাই, সেখানে পেঁয়াজের দাম আগে যা ছিল, এখনো তা-ই আছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাস্তব যে হাওরে বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। তবে একটা জিনিস ভালো, যেটা আমার বলা উচিত না, এখন মানুষের ক্রয়ক্ষমতা আছে। ফলে বাজারে যা চাওয়া হয় (যে দাম), তাই দিয়ে কিনে ফেলেন তাঁরা।’

গত রোজা শুরু হওয়ার আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে ব্যবসায়ীদের বৈঠক হওয়ার পর চিনির দাম চার টাকা বেড়ে যায় বলে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে মন্তব্য জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘না না, এটা খারাপ কথা।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার বাসার নিচে একটা মুদি দোকান আছে। আমার গাড়ির ড্রাইভার (চালক) সেখানে গিয়ে দেখে দাম বেশি। পরে ওকে নিয়ে আমি ল্যাভেন্ডারে গেলাম। সেখানে দাম কম।’

খোলামেলা আলোচনা করে বাণিজ্যমন্ত্রী অনেক কিছু জানতে পেরেছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান।

প্রসঙ্গক্রমে বৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে কথা বলেন তোফায়েল আহমেদ। বলেন, ‘আমি অনেকবার মন্ত্রী ছিলাম। সচিবালয়ে এ রকম পানি আগে দেখিনি। সিঁড়ি থেকে আমাকে গাড়িতে উঠতে হয়েছে।’

তবে জলাবদ্ধতা নিরসনে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, আগামী বছর এ সমস্যা থাকবে না বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি অর্থনৈতিক অঞ্চলের একটিতে জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, ১০ বছর আগে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) জাপানের ৩৫টি কোম্পানির বিনিয়োগ ছিল, এখন ৩৫০টি কোম্পানির বিনিয়োগ রয়েছে। অস্ত্র ও গ্লাভস ছাড়া বাংলাদেশি সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ায় দেশটির সঙ্গে রয়েছে বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা। জাপানের কাছে বাংলাদেশি তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে এবং কিছুদিনের মধ্যে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল জাপান সফর করবে।