বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
বাজারে অস্থিতিশীলতা রোধে সিন্ডিকেট নিয়ন্ত্রণ আবশ্যক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করতে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে মনে করে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি আবদুল হাই সংবাদমাধ্যমকে বলেছেন, এ বিষয়ে ২০ থেকে ২৫ জনের একটি অসাধু ব্যবসায়ী চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে। সরকার তাদের চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে।সংসদীয় কমিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সংসদ ভবনের তথ্য ও যোগাযোগ কেন্দ্রে কমিটির বৈঠক শেষে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল হাই এসব কথা বলেন। আবদুল হাই বলেন, কমিটির বৈঠকে এসব অসাধু ব্যবসায়ীর নিয়ন্ত্রণে একটি আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। শিগগিরই এটা প্রণয়ন করা হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাংসদ তহুরা আলী, এম এ লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। আবদুল হাই বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ যাতে সহনীয় দামের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সে জন্য মন্ত্রণালয়কে আরও কঠোর হওয়ার জন্য বলা হয়েছে। অন্যায়ভাবে কাউকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে দেওয়া হবে না। সংসদীয় কমিটি মনে করে, সিন্ডিকেটের কারণে হঠাত্ পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়ছে। তবে সভায় এও বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য বিশেষত পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, চাল ও মসুর ডাল স্থানীয়ভাবে উত্পাদন করে এ মুহূর্তে চাহিদা মেটানো সম্ভব নয়। এগুলো আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে।বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কী করণীয়, তা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন নিয়েও আলোচনায় হয়।কমিটি সভাপতি এ বিষয়ে বলেন, জোট সরকার টিসিবিকে মেরে ফেলেছিল। বর্তমান সরকার একে কার্যকর করার ব্যবস্থা নিচ্ছে। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে টিসিবিকে কার্যকর করা হবে। টিসিবি সরকারের আপত্কালীন মজুদ (বাফার স্টক) হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।