বাজারে আবারও দরপতন
এক দিন বিরতি দিয়ে আবারও দরপতনের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। টানা সাত দিন দরপতনের পর গত বুধবার বাজার নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ঘুরে দাঁড়ানো এক দিনের বেশি স্থায়ী হয়নি। সপ্তাহের শেষ দিনে এসে গতকাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে বড় দরপতন ঘটেছে।আর দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভ চলাকালে বেসরকারি দুটি টিভি চ্যানেলের দুজন ক্যামেরাম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ ভাগের শেয়ারের দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচ শতাংশের দাম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬ শতাংশ শেয়ারের মূল্য বাড়ার বিপরীতে ৯১ ভাগ শেয়ার দর হারিয়েছে।বিশ্লেষকদের মতে, কারসাজির দায়ে অভিযুক্ত কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করার এসইসির ঘোষণাকে কেন্দ্র করেই বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপেক্ষাকৃত বড় এসব বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা হলে তা বাজারকে প্রভাবিত করবে—এ আশঙ্কায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন। মূলত এ কারণেই বাজারে দরপতন ঘটছে।জানা গেছে, গত মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে খবর প্রচার করা হয় যে এসইসি মামলা থেকে পিছিয়ে এসেছে। এর প্রভাবে দরপতনের ধারার বিপরীতে হঠাৎ গত বুধবার মূল্যসূচকে বড় ধরনের উল্লম্ফন ঘটে। কিন্তু বৃহস্পতিবার এসইসির মুখপাত্র সাইফুর রহমানের বরাত দিয়ে অন্য টেলিভিশনগুলো প্রচার করে, মামলার বিষয়ে এসইসি আগের অবস্থানেই অনড়।বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, গতকালের দরপতনের পেছনে এসব খবরের বড় ভূমিকা রয়েছে। তাঁরা বলেন, মামলার খবরকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল হওয়াটা অনভিপ্রেত। বাজারে কেউ অনৈতিক লেনদেনে জড়িয়ে পড়লে এসইসি ব্যবস্থা নেবে, এটা স্বাভাবিক। তবে মামলা করার আগেই গণমাধ্যমে ব্যাপকভাবে তা প্রচার হওয়ায় বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।এ ছাড়া সম্প্রতি তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিক হিসাব বিবরণী আশাব্যঞ্জক না হওয়ার প্রভাবও বাজারে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২০ পয়েন্টের বেশি পড়ে গেলে বিনিয়োগকারীদের একাংশ ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁরা ডিএসইর সামনে দাঁড়িয়ে স্লোগান দিলেও পরে মিছিল বের করেন। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। মিছিলে তাঁরা নীতিনির্ধারকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।বিক্ষোভ চলাকালে বেলা পৌনে দুইটার দিকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের ক্যামেরাম্যান শাফিন আহমেদ ও মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান হাবিব বিনিয়োগকারীদের রোষের শিকার হন। বিনিয়োগকারীরা এই দুজনকে মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা (ক্যামেরাম্যান ও সাংবাদিকেরা) এই হামলার প্রতিবাদ জানান। পরে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।বাজার পরিস্থিতি: গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ২ দশমিক ০২ শতাংশ কমে ছয় হাজার ২৬০ পয়েন্টে নেমে আসে। সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯৭ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে ১৭ হাজার ৮১৬ পয়েন্টে গিয়ে ঠেকে।ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১২টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটির লেনদেন নেমে এসেছে ৬১৮ কোটি টাকায়, আগের দিনের চেয়ে যা সাত কোটি টাকা বেশি।সিএসইতে হাতবদল হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে।পদ্মা অয়েলকে তলব: গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালক ও কোম্পানি সচিবকে শুনানিতে তলব করা হয়েছে।