বাজারে আসছে অবকাঠামো খাতের এক হাজার কোটি টাকার তহবিল
দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো তালিকাভুক্ত হতে যাচ্ছে অবকাঠামো খাতের এক হাজার কোটি টাকার যৌথ তহবিল বা মিউচুয়াল ফান্ড। তহবিলটির নাম ইউসিবিএল অবকাঠামো (ইনফ্রাস্ট্রাকচার) তহবিল। একই সঙ্গে এটি হবে এখন পর্যন্ত মেয়াদি তহবিলের মধ্যে সবচেয়ে বড়। আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় তহবিলটির অনুমোদন দেওয়া হয়।সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান।এসইসি জানিয়েছে, ১০ বছর মেয়াদি ‘ইউসিবিএল অবকাঠামো তহবিল’টির উদ্যোক্তারা জোগান দেবেন ১০০ কোটি টাকা। বাকি ৯০০ কোটি টাকার মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে ৩৪৫ কোটি টাকা, বাজারের অন্যান্য যৌথ তহবিল থেকে ৫৫ কোটি টাকা এবং আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে ১৫০ কোটি টাকা। জানা গেছে, দেশের অবকাঠামো খাতের উন্নয়নে এই তহবিলের অর্থ বিনিয়োগ করা হবে।তহবিলটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।