বাজারে আসছে নতুন রঙের ২০ টাকার নোট
বাজারে আসছে নতুন রঙের ২০ টাকার নোট। আগামীকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এটি প্রচলনে দেওয়া হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোটের সঙ্গে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙের কিছুটা মিল থাকায় রং পরিবর্তন করে নতুন করে এই নোট বাজারে ছাড়া হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রঙে কিছুটা সাদৃশ্য রয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে ২০ টাকার নোটের রঙে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নোটের সামনে ও পেছনের দুই পাশে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনঃমুদ্রণ করা হয়েছে ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০ টাকার নতুন নোট আগামীকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে প্রচলনে দেওয়া হবে। পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসসহ সব তফসিলী ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। এর আগে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে। ১২৭ ও ৬০ মিলিমিটার বিশিষ্ট এই নোটের এক পিঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা ব্যবহার করা হয়েছে।