বাজারে আসতে শেয়ারের মূল্য হতে হবে ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের কোনো কোম্পানি আর তালিকাভুক্ত হতে পারবে না। নতুন তালিকাভুক্ত হতে শেয়ারের অভিহিত মূল্য অবশ্যই ১০০ টাকা হতে হবে। বিদ্যমান কোম্পানিগুলোর শেয়ারের অভিহিত মূল্য অবশ্য অপরিবর্তিত থাকবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এতে ভবিষ্যতে আর কোনো কোম্পানিকে অভিহিত মূল্যের পরিবর্তনের ঘোষণা না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশের ফলে এরই মধ্যে যেসব তালিকাভুক্ত কোম্পানি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার ঘোষণা দিয়েছে, সেগুলো কার্যকর করাও অনিশ্চিত হয়ে পড়ল।এসইসি বলছে, গত ৫ নভেম্বর অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের একটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই আদেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বলা হয়েছিল, ‘ভবিষ্যতে সব কোম্পানির শেয়ারের জন্য ন্যূনতম অভিহিত মূল্যে সমতা আনতে হবে। যেহেতু বেশির ভাগ কোম্পানির শেয়ারের মূল্য ১০০ টাকা, সেহেতু ভবিষ্যতে শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা নির্ধারণ করা শ্রেয়তর হবে।’বাজার-বিশ্লেষকেরা মনে করেন, মন্ত্রণালয়ের বৈঠকের চার মাস পর এ ধরনের একটি সিদ্ধান্ত দেওয়া অত্যন্ত রহস্যজনক। এমন নির্দেশনা পেয়ে থাকলে এসইসি তা আগেই জানাতে পারত। কারণ ওই বৈঠকের পর অনেক কোম্পানি তাদের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আর এসব ঘোষণা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে নিয়ে অনেক সাধারণ বিনিয়োগকারী কোম্পানিগুলোর শেয়ারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে বিপাকে পড়েছেন। এখন এসইসির সিদ্ধান্তের কারণে কোম্পানিগুলোর অভিহিত মূল্য পরিবর্তিত না হলে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আর কোম্পানিগুলো যে শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে, তার দায়ও এসইসিরই নিতে হবে।গত ১০ নভেম্বর এসইসির পরামর্শক কমিটির সভায় শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের প্রতিটি এককের বর্তমান অভিহিত মূল্য যা-ই থাকুক না কেন, তা ১০ টাকায় নির্ধারণ করার কথা বলা হয়েছিল; কমিটির প্রধান ও এসইসির সদস্য মনসুর আলমের বরাত দিয়ে যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ সময় ১০ টাকা অভিহিত মূল্যের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ব্যাপকভাবে কমতে শুরু করায় অনেক বিনিয়োগকারী লোকসানের মুখোমুখি হয়েছিলেন।মনসুর আলম সে সময় বলেছিলেন, ‘বাজারে সব শেয়ারের অভিহিত মূল্যে সমতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কোম্পানিগুলোর পক্ষ থেকে শেয়ারের অভিহিত মূল্য ও লটের আকার কমানোর জন্য এসইসির কাছে আবেদন করা হয়। তাই বারবার একক কোনো কোম্পানিকে পরিবর্তনের অনুমোদন না দিয়ে একেবারে সব শেয়ারে সমতা আনার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এ বৈঠকের পর এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারও বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন।মন্ত্রণালয় শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা করার সিদ্ধান্ত দেওয়ার পাঁচ দিন পর পরামর্শক কমিটির এ রকম একটি সিদ্ধান্ত নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। মনসুর আলম এসইসির একজন অভিজ্ঞ সদস্য, তিনি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। কিন্তু তিনি বিষয়টি জানতেন না বলা হলেও বাজার-সংশ্লিষ্টরা তা মানছেন না। এ ছাড়া মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত ছিলেন, এসইসির এমন কর্মকর্তা পরামর্শক কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর পরও এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত বলে একাধিক বিনিয়োগকারী দাবি করেন।অভিযোগ রয়েছে, শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন করা হবে, এ খবর দিয়ে বিনিয়োগকারীদের বিশেষ একটি খাতের শেয়ারের প্রতি প্রভাবিত করতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কয়েকজন প্রভাবশালী সদস্যের পরামর্শে এসইসি এমন সিদ্ধান্ত নিতে উদ্যোগী হয়।এ ব্যাপারে মন্তব্য জানতে টেলিফোনে চেষ্টা করেও জিয়াউল হক খোন্দকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মনসুর আলম বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মেনেই এ আদেশ দেওয়া হয়েছে।’ তাহলে এত দিন পরে কেন বিষয়টি জানানো হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তখন বুঝতে পারিনি যে এতগুলো কোম্পানি অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দেবে।’ এর আগে আপনার নেতৃত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করতে কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং ওই সিদ্ধান্ত ভুল ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেটা বলব না।’ অন্য এক প্রশ্নের জবাবে মনসুর আলম বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপারে আমি অবগত ছিলাম না।’এসইসির সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, এসইসি সরকারের কোনো বিভাগ নয়, এটি একটি কমিশন। তাদের সব সিদ্ধান্ত যদি সরকারের নির্দেশ মেনেই নিতে হয়, তাহলে বুঝতে হবে, প্রতিষ্ঠান হিসেবে এসইসি দায়িত্ব পালনে অক্ষম। আর এ অবস্থা চলতে থাকলে দীর্ঘ মেয়াদে সংস্থাটির ওপর হস্তক্ষেপের মাত্রা আরও বাড়বে, যা পুঁজিবাজারের জন্য মোটেই শুভ হবে না। তিনি আরও বলেন, পুঁজিবাজারে শেয়ারের অভিহিত মূল্য ছোট হওয়াই বাঞ্ছনীয়।বর্তমানে প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, আল-আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংকসহ বেশ কয়েকটি কোম্পানি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আগেই এ ঘোষণা দিয়েছিল।এ ব্যাপারে জানতে চাইলে মনসুর আলম বলেন, এসইসি এখন কোনো কোম্পানিকেই অনুমোদন দেবে না।সালাহউদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, এসইসির এ সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে এর দায় দায়িত্ব তাহলে কে নেবে।