বাজারে এল ইপসনের নতুন মডেলের প্রিন্টার
যে প্রিন্টার দিয়ে টানা ৭৫ হাজার পৃষ্ঠা পর্যন্ত কাগজ প্রিন্ট করা যাবে, সেটি দিয়েই প্রিন্ট করা যাবে ছবি। শুধু সাদা-কালো নয়, রঙিনও। বাংলাদেশে এমন এক প্রিন্টার নিয়ে এসেছে ডিজিটাল ইমেজিং এবং প্রিন্টিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইপসন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ‘ইপসন ডব্লিউএফ-আর ৮৫৯১’ মডেলের প্রিন্টারটির বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্টারটির নানা দিক তুলে ধরেন ইপসন ইন্ডিয়ার বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট সামবা মুরতি। ইপসন ইন্ডিয়ার ইঙ্কজেট প্রোডাক্টসের উপমহাব্যবস্থাপক কে শিবকুমার এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্টিজ পরিবর্তন ছাড়াই একটি অফিসের এক মাসের প্রিন্ট চাহিদা পূরণ করতে পারে এই প্রিন্টার। প্রিন্টারের ক্যাসেটে একসঙ্গে ১ হাজার ৮৩১টি কাগজের শিট রাখা যাবে। ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ করেও এ থেকে প্রিন্ট নেওয়া সম্ভব।
ইপসন ইন্ডিয়ার বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট সামবা মুরতি জানান, এই প্রিন্টারে সাদা-কালো প্রিন্টিংয়ে খরচ পড়বে প্রতি পৃষ্ঠার জন্য ৩০ থেকে ৪০ পয়সা, আর রঙিনের জন্য ৮০ পয়সা। এ ছাড়া অন্য প্রিন্টারে যেখানে বিদ্যুৎ খরচ হয় ১ দশমিক ৫ কিলোওয়াট, এ প্রিন্টারে খরচ পড়বে দশমিক শূন্য ৪ কিলোওয়াট।
প্রিন্টারটির দাম রাখা হয়েছে ২ লাখ ৮২ হাজার টাকা এবং আগামী সপ্তাহ থেকে তা বাজারে পাওয়া যাবে।