বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিন বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ সময় অযৌক্তিকভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তার দায়িত্ব চেম্বার নেবে না।ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ‘আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। চেম্বার মিলনায়তনে গত সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, ‘সারা বিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্য কমে। অথচ আমাদের দেশের ব্যবসায়ীদের কাছে এটি যেন ক্ষতিপূরণের মাস। তাদের অধিক মুনাফা করার আশা পরিত্যাগ করতে হবে।’মতবিনিময় সভায় ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ প্রধান অতিথি এবং পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।চেম্বারের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বাজার কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও তথ্য কর্মকর্তা কামাল হোসেন, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুন্শী হারুন অর রশীদ, ক্যাবের জেলা সভাপতি তারেক আইউব, নারী উদ্যোক্তা আসমা আক্তার ও লাকি আক্তার।এ ছাড়া সভায় চিনি মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হক, পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী ও সম্পাদক সৈয়দ নাসের রেজা, চাল ব্যবসায়ী সমীর সিকদার, শরীয়তুল্লাহ বাজার মালিক সমিতির সভাপতি মো. হবিবুর রহমান এবং সাংবাদিক আবদুল মতিন ফকির, সালামত হোসেন খান, আ ত ম আমীর আলী ও মশিউর রহমান বক্তব্য দেন।জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজান মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন বাজার মনিটরিং করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ভোক্তাকে ঠকানোর অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনানুযায়ী জরিমানা করা হবে।জেলা বাজার কর্মকর্তা জানান, বাজারে গত এক সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, আলু, কাঁচামরিচ, মুড়ি, চিঁড়া ও বেগুনের দাম বেড়েছে।