বাজারে কেরুর ভিনেগার
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বাজারে আনল ভিনেগার। কেরুজ ভিনেগার ব্র্যান্ডের এই পণ্যটি নতুন আঙ্গিকে বাজারজাত শুরু হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
কেরু সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হ্যান্ড সেনিটাইজার উৎপাদন শুরু করে। পরে আনে জৈব সার, যা ব্র্যান্ড নাম সোনার দানা।
শিল্প মন্ত্রণালয় জানায়, কেরুর মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি। তবে আখ থেকে চিনি আহরণের পর উপজাত (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায়, তা থেকে জৈব সার উৎপাদিত হয়। ভিনেগার এক ধরনের অ্যাসিটিক অ্যাসিড ও পানির মিশ্রণে তৈরি | চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এসিটিক এসিডে পরিণত করা হয়, যাকে সিরকা বা ভিনেগার বলা হয়। বিভিন্ন ধরনের রান্নায় ভিনেগার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এ ছাড়া খাবার সংরক্ষণ, সবজি রান্না, সালাদ ড্রেসিং করা হয় ভিনেগার দিয়ে। মাছ বা মাংসের বাড়তি গন্ধ দূর করতে এটি অত্যন্ত কার্যকর।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ বলেন, “ কেরুতে দুই ধরনের ভিনেগার উৎপাদিত হয়। সাদা ভিনেগার ও মল্টেড ভিনেগার। ১৯৯৫-৯৬ সাল হতে কেরুর ফার্মাসিউটিক্যাল বন্ধ হয়ে যাবার পর থেকে ডিস্টিলারি সহায়ক পণ্য শাখা স্থাপন করে ভিনেগার উৎপাদন শুরু হয়। এ কারখানায় ভিনেগারের বার্ষিক উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ৩০ হাজার লিটার। প্রতি ৪৫০ মিলিলিটারের বোতল ৫০ টাকা ও ৭৫০ মিলিলিটারের বোতল ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
আবু সাঈদ আরও বলেন, খাদ্যকে জীবাণুমুক্ত করতে ভিনেগার অত্যন্ত কার্যকর। সম্প্রতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে বাজারে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি ভিনেগারে চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাজার চাহিদা মেটাতে কেরু এন্ড কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার এবং ভিনেগারের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, চিনি ও ডিস্টিলারি পণ্য উৎপাদনের লক্ষ্যে ১৯৩৮ সালে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠিত হয়।