দেশের বাজারে কোনো ধরনের সিন্ডিকেটের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লুৎফুল হাই। গতকাল বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান বাজারে অসাধু সিন্ডিকেট অস্থিরতা সৃষ্টি করছে বলে যে বক্তব্য দিয়েছিলেন, তাও ঠিক নয় বলে লুৎফুল হাই জানান। সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁরা (প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী) যদি এমন সিন্ডিকেটের কথা বলেও থাকেন, তা সঠিক নয়। ভোক্তা সংরক্ষণ আইন হওয়ার পর সিন্ডিকেটের লোকজন ভয় পেয়ে গেছেন। তাঁরা এখন আর ততটা সক্রিয় হতে পারছেন না। প্রসঙ্গত, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খানও একাধিকবার বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অসাধুতার কথা বলেছেন। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে লুৎফুল হাই আরও বলেন, ‘আমিও একমত যে দাম বাড়ছে। তবে এটা আধুনিক যুগ। এখন দামেরও বিশ্বায়ন হয়ে গেছে। আর বিশ্ববাজারের সঙ্গে তুলনা করলে আমাদের দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে আছে। বিশ্বমন্দার কারণে সব দেশে যখন দ্রব্যমূল্য বেড়েছে, তখনো আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল।বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয় বলেও লুৎফুল হাই জানান। তিনি বলেন, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে টিসিবিতে মালামাল মজুদ রাখা হচ্ছে। এ ছাড়া টিসিবির মজুদক্ষমতা যাতে আরও বাড়ানো হয়, সে জন্যও কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তহুরা আলী, আবুল কাশেম ও রুমানা মাহমুদ অংশ নেন।