বাজারে ক্রেতা কম, দাম বেশি
টানা দুই দিনের হরতালে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে। এতে দাম কিছুটা বেড়েছে বটে, তবে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।রাজধানীর কাঁচাবাজারগুলোতে অন্য সময় বিক্রেতারা যেখানে ঝুড়িভর্তি সবজি সাজিয়ে রাখেন, গতকাল সোমবার সেখানে বেশির ভাগ জায়গাতেই পুরোনো সবজিতে পানি দিয়ে সতেজ রাখার চেষ্টা করতে দেখা গেছে।ঢাকার বাইরে থেকে সবজি শনিবার দিবাগত রাতে এসেছে। রোববার রাতে সবজিবাহী ট্রাক এসেছে কম। কারওয়ান বাজারের কয়েকজন আড়তদার প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে অন্য সময় যে পরিমাণে সবজি আসে, হরতালের কারণে এসেছে তার অর্ধেকেরও কম। গাড়ি পোড়ানোর আতঙ্কে অনেক ট্রাক ঢাকামুখী না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই বাজারে সরবরাহ কমে গেছে। দামও বেড়েছে। আড়তদারেরা অবশ্য এও বলেন, সবজিবাহী ট্রাক ঢাকায় আসা শুরু করলেই এ অবস্থা কেটে যাবে।রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত।১৫ দিন আগে প্রতি কেজি করলা বিক্রি হয়েছিল ৩৫ টাকায়। গতকাল তা বিক্রি হয়েছে ৪০ টাকায়। ২০ টাকার ঢ্যাঁড়স ৩০ থেকে ৩৫, ৩৫ টাকার পটোল ৪০, ২০ টাকার বেগুন ২৫ থেকে ৩০, ২৫ টাকার চিচিঙ্গা ৪৫, ২৫ টাকার শিম ৫০ এবং ঝিঙে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।সবজির বাজার চড়া হলেও পেঁয়াজ-রসুনের দামে তেমন পরিবর্তন আসেনি। বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২২ ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি রসুন ৪০ থেকে ৪৫ ও আমদানি করা চীনা রসুন ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।এদিকে আলুর দাম আরও বেড়েছে। প্রতি কেজি আলু কিনতে এখন খরচ করতে হচ্ছে ১৮ টাকা। ঠিক এক মাস আগে আলুর দাম ছিল ১২ থেকে ১৩ টাকা কেজি। সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, এক মাসে আলুর দাম বেড়েছে ৪০ শতাংশ।গতকাল বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা না থাকায় অনেক বিক্রেতাই তাঁর বাক্সপেটরা গুটিয়ে বসে আছেন। একজন আলু-পেঁয়াজ বিক্রেতাকে মুখে গামছা পেঁচিয়ে ঘুমাতেও দেখা গেছে।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, শীতকালীন সবজির মৌসুম প্রায় শেষ। সে কারণে সরবরাহে সংকট চলছে। এক-দেড় মাস পর বর্ষাকালীন সবজি এলে সংকট কেটে যাবে।লোকমান আরও জানান, শনিবার রাতে সবজিবাহী ট্রাক আসার সংখ্যা স্বাভাবিক থাকলেও রোববার রাতে অনেক কম ট্রাক কারওয়ান বাজারে এসেছে। সে কারণেও সরবরাহ কম।ডিমের দাম আগের মতোই চড়া। এক হালি ফার্মের ডিম কিনতে এখনো ক্রেতাকে গুনতে হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। ডজন ১০২ টাকা। ব্রয়লার মুরগির দাম কমে এখন ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আয়তনের (৭০০ গ্রাম) প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।