বাজারে দরপতন, কমেছে লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে ব্যাপক দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক প্রায় তিন শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। একই সঙ্গে দুই বাজারেই লেনদেন গতকালের চেয়ে কমেছে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারের দুর্নীতি খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়। এই বিষয়টিই আজ বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তবে কোনো প্রকার গুজবে প্রভাবিত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৯৪ শতাংশ বা ১৩৭ পয়েন্ট কমে ৪৫৪৪ পয়েন্টে পৌঁছেছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়েছিল। তবে ১৫ মিনিটে সূচক কমে যায় ২৫ পয়েন্ট। এভাবেই ওঠানামার পর বেলা ১১টার দিকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৬৪ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, আফতাব অটো, ডেল্টা স্পিনার্স, ইউসিবিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩.৫৮ শতাংশ বা ৫১৩ পয়েন্ট কমে ১৩৮০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের ১৮ কোটি টাকা কম।