বাজারে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারেরই দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮ শতাংশেরই দাম কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যেও ৮৮ শতাংশের দরপতন ঘটেছে। দরপতনের সঙ্গে দুই বাজারেই লেনদেন অনেক কমে গেছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ৫৭৩ কোটি টাকার লেনদেন হয়। অথচ মঙ্গলবারও ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৩৮ কোটি টাকা। একইভাবে চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেন নেমে এসেছে প্রায় ৫৫ কোটি টাকায়; যদিও আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬ কোটি টাকা। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক এবং প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি নিয়ে বাজারে কিছু গুজব রয়েছে। ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত আইনি বাধ্যবাধকতা পূরণের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে এলেও সেই তুলনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে শেয়ার কেনার ঘোষণা আসছে না। এ কারণে এসব গুজব তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। সান্নামাত আরও বলেন, এর মধ্যে যেসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন, তাঁদের একটি অংশ পুনরায় বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি অনুসরণ করছেন। তাই লেনদেন হঠাৎ কমে গেছে। এ ছাড়া বিনিয়োগকারীদের আরেকটি অংশ নানা বিষয়ে উদ্বিগ্ন হয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করছেন। এতে করে বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।তবে বাজারের এই পতন ও গুজবে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। ডিএসইতে গতকাল দিন শেষে আগের দিনের চেয়ে প্রায় ১৬৪ কোটি টাকার কম লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ২৮০ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯২ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকার কম লেনদেন হয়েছে। ডিএসইর তাগিদ: কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ও এককভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিতে তালিকাভুক্ত সব কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন গতকাল কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই চিঠি দিয়েছেন। ডিএসইর চিঠিতে বলা হয়, ‘ন্যূনতম শেয়ার ধারণের জন্য এসইসির বেঁধে দেওয়া সময়সীমা আগামী ২১ মে শেষ হয়ে যাবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং পরিচালকদের হাতে এককভাবে দুই শতাংশের কম শেয়ার রয়েছে, পরিচালক পদে থাকতে হলে তাঁদের উল্লিখিত সময়ের মধ্যে বাজার থেকে নতুন করে শেয়ার কিনতে হবে।’ এর আগে গত ২২ নভেম্বর এসইসি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, যেসব উদ্যোক্তা-পরিচালকের হাতে নির্ধারিত সীমার কম শেয়ার রয়েছে, তাঁদের ছয় মাসের মধ্যে সেই কোটা পূরণ করতে হবে। অন্যথায় দুই শতাংশের কম শেয়ার থাকার কারণে পরিচালকেরা পদ হারাবেন। আর শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানিগুলো রাইট শেয়ার ইস্যুসহ অন্যান্য ব্যবস্থায় শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের কোনো সুযোগ পাবে না।