বাজারে দরপতন কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। ডিএসইর সাধারণ মূল্যসূচক এ দিন প্রায় ৪৪ পয়েন্ট কমেছে। সেই সঙ্গে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণও নেমে এসেছে দেড় শ কোটির নিচে। তবে বাজারের পতনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ নতুন সফটওয়্যারসংক্রান্ত জটিলতাকেই দায়ী করেছেন। ঢাকার বাজারে গতকাল ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টির দাম কমেছে, বেড়েছে কেবল ৫০টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬৩ কোটি টাকা কম। গত ১১ মার্চের পর ডিএসইতে এটি সর্বনিম্ন লেনদেন। ওই দিন ঢাকার বাজারে ১২৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪৮ পয়েন্ট কমেছে। চট্টগ্রামের বাজারে রোববার ১৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কম।