বাজারে নতুন চাল, তবু দাম কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার হাটবাজারে প্রায় এক সপ্তাহ ধরে নতুন আমন ধান ও চাল উঠছে। কিন্তু দাম কমেনি। গত দুই মাসে চালের দাম বেড়েছে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহের মধ্যে নতুন চালের প্রভাব পড়বে। দাম কমবে।

গত শনিবার চুয়াডাঙ্গার বড় বাজার চালপট্টিতে গিয়ে দেখা গেছে, মোটা চাল প্রতি কেজি ৩৬ থেকে ৩৭ টাকা, মাঝারি চিকন চাল ৪০, মিনিকেট ৪৮ ও বাসমতি চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকজন খুচরা বিক্রেতা বলেন, দুই মাস আগে মোটা চাল ২৪ থেকে ২৫, মাঝারি চিকন চাল ৩৩ থেকে ৩৪, মিনিকেট ৩৮ থেকে ৪০ ও বাসমতি ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি হয়েছে। বড় বাজারের খুচরা বিক্রেতা মাসুম আলী বলেন, বড় বড় ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে ধান-চাল বিক্রি করায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

জেলার ধান-চালের সবচেয়ে বড় মোকাম জীবননগর হাটে গতকাল রোববার মোটা চাল প্রতি কেজি ৩৫ থেকে ৩৬, মাঝারি চিকন চাল ৩৮ থেকে ৩৯ ও মিনিকেট ৪৬ থেকে ৪৭ ও বাসমতি চাল ৪৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সরোজগঞ্জের চাতাল মালিক জহিরুল ইসলাম বলেন, বাজারে ধানের সংকট রয়েছে। দুই মাস আগে প্রতি মণ মোটা ধান ৫৪০ থেকে ৫৫০ ও মাঝারি চিকন বিআর-২৮ ধান ৬৮০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে মোটা ধান ৮১০ থেকে ৮২০ ও বিআর-২৮ ধান ৯৪০ থেকে ৯৫০  মণ দরে কিনতে হচ্ছে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী বাজারে ধান-চালের জোগান না থাকা এবং বিদেশ থেকে এ বছর তেমন চাল না আসায় দাম ক্রমে বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৩৫ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। গত এক সপ্তাহে ১ হাজার ৭৭৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই বাকি ধান কাটা সম্পন্ন হবে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহেদ বলেন, বর্তমানে জেলায় কোনো খাদ্যের সংকট নেই। সরকারি গুদামে সাত হাজার টন খাদ্য মজুত আছে। নতুন ধান উঠতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যেই দাম কমবে।