বাজারে পণ্য ও ক্রেতা কম, দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুল বাজারে শাকের দরদাম করছিলেন গ্রিন রোডের বাসিন্দা হোসনে আরা বেগম। ছোট এক আঁটি লাল শাকের দাম ১০ টাকা বলায় রীতিমতো খেপে গেলেন বিক্রেতার ওপর। ক্রেতা-বিক্রেতা দুজনই নিজ নিজ দামে নাছোড়। ক্রেতা পাঁচ টাকার বেশি দিতে রাজি নন, বিক্রেতা ১০ টাকার কমে বিক্রি করবেন না। অবশেষে না কিনেই চলে গেলেন হোসনে আরা।
হাতিরপুল কাঁচাবাজারে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দৃশ্য এটি। শাক বিক্রেতা মো. পারভেজের কাছে বাড়তি দামের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আড়তে গেলে মাল নাই, এখানে আসলে বেচা হয় না। কাস্টমার নাই। যে মাল পাইছি, সে মাল বেচে দোকান ভাড়া পোষায় না। বাধ্য হয়ে দাম বাড়াইতে হইছে।’ গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাজধানীর চারটি বাজার ঘুরে পারভেজের কথার সঙ্গে পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যায়।
হাতিরপুল, নিউমার্কেট, কাঁঠালবাগান ও কারওয়ান বাজারের কাঁচাবাজারগুলোতে নেই ক্রেতার ভিড়। অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, আড়তে গিয়ে পাচ্ছেন না প্রয়োজনীয় পণ্য। তাই নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। আবার বাজারভেদেও দেখা গেছে পণ্যের দামের তারতম্য।
হাতিরপুল বাজারের সবজি ব্যবসায়ী ফয়সাল মাহমুদ বলেন, ‘এক সপ্তাহ ধরে কাস্টমার খুব কম। আগে ১৫ হাজার টাকা দিনে বেচা হতো, এখন আট হাজার টাকার বেশি হয়ই না।’
এ সময়টা পিকনিক ও বিয়ের মৌসুম বলে অন্যান্য বছর এই সময়ে বিক্রি বেশি হয় বলে জানান নিউমার্কেটের মুরগি ব্যবসায়ী মো. জাফর। অন্যান্য বছর এ সময়ে দিনে ২৫০-৩০০টি মুরগি বিক্রি করতে পারলেও এখন দিনে চার-পাচঁটার বেশি বেচা হয় না বলে জানান তিনি।
নিউমার্কেটের ব্যবসায়ী শহীদুল ইসলাম বেলা ১১টা পর্যন্ত কিছুই বিক্রি করতে পারেননি। অথচ মাস দেড়েক আগেও এই সময়ের মধ্যে তিন থেকে চার হাজার টাকার মালামাল বিক্রি করেছেন। তিনি বলেন, ‘এ রকম আর ভালো লাগে না। দেশের বিরাজমান অবস্থায় দুই নেত্রীর সংলাপ কামনা করছি। সরকারের দায়িত্ব বেশি, সরকার যাতে এগিয়ে আসে।’
দেশের এ পরিস্থিতিতে ধীরেসুস্থে বাজার করার মতো মানসিকতা নেই বলে মনে করেন কাঁঠালবাগানের মাংস ব্যবসায়ী শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘লোক এসেই প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায়। আতঙ্কে থাকে সবাই।’ শফিকুলের এ কথার সঙ্গে একমত ক্রেতা মো. খোরশেদ আলম। বলেন, একান্ত প্রয়োজন না হলে তিনি বাজারেই আসেন না, অথচ আগে শখ করেই বাজারে আসা হতো।
প্রায় সব ব্যবসায়ী বলেন, আগে দূর-দূরান্ত থেকেও মানুষ বাজার করতে এ বাজারগুলোতে আসত। কিন্তু দেশের এ পরিস্থিতিতে কেউ আর ঝুঁকি নিয়ে আসতে চায় না। ঘরের কাছে যা পায় তা দিয়েই প্রয়োজনীয় কাজ সেরে নেয়।
পণ্যের দামের তারতম্য: বাজার ঘুরে দেখা গেছে, পণ্যের দামের তারতম্য রয়েছে বাজারগুলোতে। হাতিরপুল বাজারে সব পণ্যের দাম গড়ে প্রায় ১০ টাকা বেশি। বাকি বাজারগুলোতে এক থেকে সর্বোচ্চ পাঁচ টাকার পার্থক্য। সবচেয়ে কম দাম কারওয়ান বাজার ও কাঁঠালবাগান বাজারে।
কারওয়ান বাজারে টমেটো ৩০, বেগুন ৩৫-৪০, ঢ্যাঁড়স ৫০-৬০, বরবটি ৬০-৭০, ক্ষিরাই ২৫ ও কাঁচা মরিচ ৪০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১২৫ ও লেয়ার ১৪০ টাকা। দেশি মুরগি প্রতিটি ২৫০-৩০০ টাকার মধ্যে। গরুর মাংস প্রতি কেজি ৩২০ টাকা।
নিউমার্কেটে টমেটো ৩০, বেগুন ৪০-৫০, ঢ্যাঁড়স ৭০, বরবটি ৭০-৮০, ক্ষিরাই ৩০-৪০ ও কাঁচামরিচ ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৩০ ও লেয়ার ১৪০ টাকা। দেশি মুরগি প্রতিটি ২৫০-৩০০ টাকার মধ্যে। গরুর মাংস প্রতি কেজি ৩৪০ টাকা।
হাতিরপুল বাজারে টমেটো ৩০, বেগুন ৫০, ঢ্যাঁড়স ৮০, বরবটি ১০০, ক্ষিরাই ৩০ ও কাঁচা মরিচ ৫০-৬০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৪০ ও লেয়ার ১৬০ টাকা। দেশি মুরগি প্রতিটি ৩৫০ টাকার মধ্যে। গরুর মাংস প্রতি কেজি ৩৪০ টাকা।
কাঁঠালবাগানে টমেটো ৩০, বেগুন ৩০-৩৫, ঢ্যাঁড়স ৬০, বরবটি ৬০, ক্ষিরাই ৩০ ও কাঁচা মরিচ ৪০ টাকা। গরুর মাংস প্রতি কেজি ৩৪০ টাকা।