বাজারে প্রচুর নতুন শেয়ার আসা উচিত: এবিবির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলো তিন উপায়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকে। আর শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে চাহিদার সঙ্গে সমন্বয় রেখে বাজারে প্রচুর নতুন শেয়ার আনা উচিত। একটি স্থিতিশীল বাজারের লক্ষ্যে ব্যাংকগুলো যথাযথ ভূমিকা রাখছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।নুরুল আমিন বলেন, ব্যাংকগুলো নিজস্ব বিনিয়োগ, ঋণপ্রদান ও সাব-সিডিয়ারি কোম্পানির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। একই সঙ্গে বাজার থেকে মুনাফা অর্জন করে। তিনি আরও বলেন, ‘আমরা একটি স্থিতিশীল ও অগ্রসরমাণ পুঁজিবাজার দেখতে চাই।’ এ ক্ষেত্রে ব্যাংকগুলোর পক্ষ থেকে তত্পরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পুঁজিবাজার ভালোভাবে চললে ব্যাংকগুলোও ভাল থাকবে।সংবাদ ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে ডিএসই ও এবিবি যৌথভাবে কাজ চালিয়ে যাবে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে পারলে বাজার স্থিতিশীল হবে।রকিবুর রহমান আরও বলেন, বাজার যাতে গুজব নির্ভর না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর বিনিয়োগকারীদের উচিত হবে, কোনো প্রকার গুজবে কান না দিয়ে বুঝে-শুনে বিনিয়োগ করা।পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে ডিএসইর সভাপতি বলেন, পরিচালকদের শেয়ার ধারণের সময়-সীমা বাড়ানো হবে—বাজারে এমন গুজব রয়েছে। এসব গুজবের কোনো ভিত্তি নেই। এ সময়-সীমা কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানান তিনি।এ সময় রকিবুর রহমান সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এটা নিশ্চিত হলে একটি ভালো ও স্থিতিশীল বাজার উপহার দেওয়া যাবে বলে মনে করেন তিনি। এ ছাড়া বাজারে কারসাজি বন্ধে ডিএসই ও এসইসির সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানান তিনি।