বাজারে বড় দরপতন
দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। টানা ১০ দিন অব্যাহত দরপতনের পর দুই দিন সূচক বাড়লেও গতকাল থেকে আবারও দরপতনের ধারায় যায় বাজার। এরই ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। আজ সোমবার দিনের লেনদেন শেষে দুই বাজারের প্রায় সব কোম্পানি দর হারিয়েছে। ফলে সূচকের বড় পতন লক্ষ করা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২২৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমতে থাকে। এমনকি একই প্রবণতায় লেনদেন শেষ হয়। ডিএসইতে আজ মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৩ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১১৫ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, গ্রামীণফোন, বিএসসিসিএল, তিতাস গ্যাস, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৩০ পয়েন্ট কমে ১২৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম কমেছে, বেড়েছে মাত্র পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালে চেয়ে সাত কোটি টাকা কম।