বাজারে বাজাজ পালসার-১৫০ এএস

বাংলাদেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল বাজাজ পালসার-১৫০ এএস নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। আজ সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মোটরসাইকেলটির বাজারজাতকরণ উদ্বোধন করে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘নতুন ব্রান্ডের মোটরসাইকেল বাজাজ পালসার-১৫০ এএস বাজারজাতকরণের উদ্যোগ নেওয়ায় আমি আনন্দিত। শুরুতেই এ উদ্যোগের জন্য আমি উত্তরা মোটরসকে ধন্যবাদ জানাই। নতুন ব্রান্ডের মোটরসাইকেল বাজারজাত করায় জনগণ সাশ্রয়ী মূল্যে গুণগতমানের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে বলা হয়, নতুন এই মোটরসাইকেল অবিশ্বাস্য পাওয়ার ও আধুনিক ক্ষমতার। অধিক নিয়ন্ত্রণ ও নিরাপদের জন্য সামনে পেছনে প্রশস্ত টিউবলেস টায়ার, নির্ভরযোগ্য ব্রেকিংসহ আরও নানা সুবিধা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, এ দেশের তরুণদের কাছে পালসার পছন্দের মোটরসাইকেল। দেশে প্রায় দুই লাখ পালসার মোটরসাইকেল আছে। নতুন মডেলের মোটরসাইকেলটি উত্তরা মোটরসের শোরুম ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা মোটরস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান, হেড অফ বিজনেস প্লানিং নাইমুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসাইন, পরিচালক (বিপণন) মীর মোহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।