বাজারে ব্যাংকিং খাতের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেনে ব্যাংকিং খাতের প্রাধান্য লক্ষ করা গেছে। ফলে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। গতকালের ধারাবাহিকতায় আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলে শেয়ারবাজারে। দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে সব কটিরই দাম বেড়েছে। এ ছাড়া অন্য খাতগুলোয় মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। এদিকে বাজারে ইতিবাচক প্রবণতার পেছনে ব্যাংকিং খাতের প্রাধান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ২৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ১৮৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। আজ সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৬ কোটি টাকার লেনদেন হয়।

এদিকে ডিএসইতে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৮৩ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৩টির দাম বেড়েছে, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৯৯ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দাম বেড়েছে। কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল। আজ এই প্রতিষ্ঠানের ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরগন ডেনিমস, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, গ্রামীণফোন, বিডি বিল্ডিং, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।