বাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল এক দিনে প্রায় ৩ শতাংশ বা ১৫২ পয়েন্ট কমেছে। এর ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক আবারও পাঁচ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে। গত ১৮ মার্চ ডিএসইর নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের পর গতকাল ডিএসইতে সূচকের সর্বোচ্চ পতন ঘটেছে। এর আগে গত ৫ মার্চ এক দিনে সূচক ১৯৩ পয়েন্ট কমেছিল।অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে পৌনে ৩ শতাংশ বা ৪১৭ পয়েন্ট কমে আবার ১৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। গত কয়েক দিনের পতনের ফলে রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১১ পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। বাজারসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা গত কয়েক দিনের দরপতন ও লেনদেন কমে যাওয়ার জন্য দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক বৈঠক শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমানও রাজনৈতিক অস্থিরতার বিষয়টি স্বীকার করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রকিবুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা ও গুজব বাজারকে গ্রাস করছে। শুধু রাজনৈতিক নয়, নীতিনির্ধারণী নানা সিদ্ধান্তও বাজারকে ক্ষতিগ্রস্ত করে এ কথা ঠিক। কিন্তু সেই ক্ষতিরও একটি সীমারেখা আছে। রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য বিষয় কখনোই পুরোপুরি বাজারকে তলানিতে নিয়ে যেতে পারে না। এসব ক্ষেত্রে বিনিয়োগকারীদের উচিত ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করে কিছুটা ধৈর্য ধারণ করা। রকিবুর রহমান আরও বলেন, ভালো মৌল ভিত্তির শেয়ারে একটু দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে লোকসানের পরিবর্তে লাভের সম্ভাবনা বেশি। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজার একটি পর্যায়ে ওঠার পর স্বাভাবিক নিয়মেই কিছুটা মূল্য সংশোধন হচ্ছিল। কিন্তু সেই স্বাভাবিক মূল্য সংশোধনকে দীর্ঘায়িত বা পতনের দিকে নিয়ে গেছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার ধরে রেখেছেন। আর যাঁরা মুনাফা তুলে নিয়েছেন, তাঁরাও নতুন বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এতে করে লেনদেনের পরিমাণও হঠাৎ করে কমে গেছে।’ সূচকের পাশাপাশি ঢাকার বাজারে লেনদেনের পরিমাণও আবার ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩০ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৮৪ কোটি টাকা কম। অথচ ১৫ এপ্রিলও ডিএসইতে প্রায় এক হাজার ২০২ কোটি টাকার লেনদেন হয়েছিল।ঢাকার বাজারে রোববার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৮৬ শতাংশের এবং সিএসইতে ৮৮ শতাংশের দাম কমেছে। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে নয় কোটি টাকা কম। রোববার লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৯২৭ পয়েন্টে।