বাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এক দিনেই সাধারণ মূল্যসূচক কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ বা ১৬৯ পয়েন্ট। এর ফলে ডিএসইর সাধারণ সূচক নেমেছে পাঁচ হাজার পয়েন্টের নিচে। এর আগে গত ২৯ মার্চ সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে ছিল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ বা ৫১৫ পয়েন্ট। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক দিনের শেষে নেমে এসেছে ১৫ হাজার পয়েন্টের নিচে। দরপতনের প্রতিবাদে গতকাল দুপুরে মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ চলে। বিক্ষোভকালে বিনিয়োগকারীরা ন্যূনতম শেয়ার ধারণের বিরুদ্ধে কয়েকটি কোম্পানির পরিচালকদের করা রিটের প্রতিবাদ জানান। সেই সঙ্গে বাজার পতনের জন্য পরিচালকদের দায়ী করে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি নিয়ে আদালতে একাধিক রিট হওয়ার ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।ঢাকা ও চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশেরই দাম কমেছে। দরপতনের কারণে এদিন সিএসইতে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অসম্পূর্ণ ছিল।বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, সম্প্রতি আদালতে দায়ের হওয়া রিটকে কেন্দ্র করে আবার অনিশ্চয়তা ভর করেছে বিনিয়োগকারীদের মধ্যে। এর প্রতিফলনই বাজারে পড়ছে। আর কেউ কেউ এই অনিশ্চয়তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকতে পারে। তাই সাধারণ বিনিয়োগকারীদের উচিত সচেতন আচরণ করা, যাতে কেউ বিশেষ কোনো সুযোগ নিতে না পারে। এর আগে বাজারের বিনিয়োগকারীরা বড় ধরনের পতন দেখেছেন। তাই এই পর্যায়ে এসে তাঁদের অতিমাত্রায় ভীত বা শঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই।হেলাল আরও বলেন, গত এক বছরে বাজারে শেয়ারের সরবরাহ বেশ বেড়েছে। কিন্তু সেই তুলনায় চাহিদা বাড়েনি। দুই প্রক্রিয়াতেই সূচকের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে বড় দরপতন ঘটলেও গতকাল দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। বুধবার দিনের শেষে ডিএসইতে প্রায় ৩৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি। সিএসইতে গতকাল প্রায় ৪৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।ঢাকার বাজারে গতকাল ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। লেনদেনের শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৯০২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২৯ মার্চ ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৯৯০ পয়েন্টে ছিল।চট্টগ্রামের বাজারে এদিন ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। দিনের শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৯ পয়েন্টে।