বাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল এক দিনেই কমেছে প্রায় ৩ দশমিক ৬৯ শতাংশ বা ১৭৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৩ দশমিক ৩০ শতাংশ বা ৪৭৬ পয়েন্ট। দুই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে প্রায় ৯২ শতাংশের এবং সিএসইতে প্রায় ৯০ শতাংশের দাম কমেছে। তবে মূল্যসূচকের বড় ধরনের পতন হলেও দুই বাজারেই গতকাল লেনদেনের পরিমাণ বেড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে দেশের উচ্চ আদালতের দায়ের করা রিট ও তার পরিপ্রেক্ষিতে আদালতের রুল জারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল বাজারে এই দরপতনের ঘটনা ঘটেছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাঁদের মতে, আদালতের রুল জারির ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বাজারে দরপতন শুরু হয়। যদিও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে সকালে ঢাকার বাজারে লেনদেন শুরু হয়েছিল। আদালতের রুল : এসইসির ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ২৪ পরিচালকের রিটের ওপর গতকাল উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ এক সপ্তাহের রুল জারি করেন। সোমবার বেলা পৌনে ১১টায় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে এসইসির ২ সিসি ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ১৩ জুনের মধ্যে এসইসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই দিন আদালত এই বিষয়ে শুনানির দিনও ধার্য করেছেন। এর আগে ২২ মে রিট আবেদনগুলো করা হয়। ওই দিন একটি বেঞ্চে রিটের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে পাঠান। পরবর্তী সময়ে গত রোববার প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে পাঠিয়ে দেন। এই বেঞ্চে গত রোববার রিটের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আকতার ইমাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তাঁর সহযোগী আইন কর্মকর্তারা। শুনানি শেষে গতকাল আদালত এ বিষয়ে রুল জারি করেন। রুল জারির পর রাষ্ট্রের অতিরিক্ত আইন কর্মকর্তা মুরাদ রেজা সাংবাদিকদের জানান, রিটকারীদের পক্ষের আইনজীবীরা ২ সিসি ধারার স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু আদালত তাঁদের সেই আবেদন নাকচ করে দেন। তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি), সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ফিন্যান্সের পক্ষে ২৪ পরিচালক গত ২২ মে আলাদা আলাদাভাবে আদালতে এই পাঁচটি রিট দায়ের করেন।বাজার-পরিস্থিতি: সোমবার ডিএসইতে প্রায় ৩২৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫১ কোটি টাকা বেশি। এ ছাড়া নয় কার্যদিবস পর ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি।