
ঢাকার হাতিরপুল কাঁচাবাজারে ঢোকার মুখেই চোখে পড়বে ঝকঝকে একটি বোর্ড। তাতে বিভিন্ন পণ্যের পাশে তার বিক্রয়মূল্য লেখা আছে। উৎসাহ নিয়েই সেই তালিকা দেখেন ক্রেতারা। তবে কেনাকাটা করতে গিয়েই ধাক্কা খেতে হয়। কারণ, পণ্য বিক্রি হচ্ছে তালিকায় উল্লিখিত দামের চেয়ে বেশি দরে।
ওই বোর্ডে ১৯ মে প্রতি কেজি মিনিকেট চালের দাম লেখা ছিল ৪০ টাকা। তবে বাজারের কোনো দোকানেই ৪৮-৫০ টাকার কমে এই চাল কেনা যায়নি। আবার বোর্ডে কাঁচা মরিচের কেজি ৫০ টাকা লেখা থাকলেও ২৫০ গ্রাম মরিচই বিক্রি হচ্ছে ২০ টাকায়। তার মানে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকা।
হাতিরপুল বাজার থেকে বেশ খানিকটা দূরে নিউমার্কেট বনলতা কাঁচাবাজার। সেই বাজারের সামনেও আছে একই রকমের বোর্ড। কিন্তু তাতে কোনো পণ্যের মূল্যতালিকাই নেই। আবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে আছে দুটি বোর্ড। একটিতে লেখা আছে পণ্যমূল্য, তা-ও দুই দিন আগের। আর অন্যটি ফাঁকা। একই অবস্থা মহাখালী ও বিজয় সরণির কলমীলতা কাঁচাবাজার দুটির। সেখানেও মূল্যতালিকার চেয়ে বেশি দামেই পণ্য বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে রাজধানীর এই পাঁচ কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। ভোক্তাদের স্বার্থে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে মূল্যতালিকা টাঙানোর কথা থাকলেও বাস্তবে তা কোনো কাজে আসছে না। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এসব মূল্যতালিকা টাঙালেও অনেক ক্ষেত্রেই তা নিয়মিত হালনাগাদ করে না। আবার বিক্রেতারাও নির্ধারিত মূল্য মানছেন কি না, সে বিষয়েও যেন কোনো মাথাব্যথা নেই করপোরেশন দুটির।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল এসব অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমরা বৈঠক করে মাঠপর্যায়ের কর্মীদের প্রতিদিনই মূল্যতালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছি। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, সর্বশেষ বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যমন্ত্রী থাকার সময় মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারক টাস্কফোর্সের এক বৈঠকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর থেকেই বাজারে পণ্যমূল্য টাঙানোর কাজটি হয়ে আসছে। কখনো নিত্যপণ্যের দাম বেড়ে গেলে, বিশেষ করে রমজান মাসে মন্ত্রণালয় এই পণ্যমূল্য টাঙানো ও বাস্তবায়নের ওপর জোর দেয়। বাকি সময় এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায় না।
ভোক্তাস্বার্থ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, কোনো আইনেই পণ্যের মূল্যতালিকা টাঙানোর বিষয়টির উল্লেখ নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা প্রশাসনিক নির্দেশের পরিপ্রেক্ষিতেই সিটি করপোরেশন কাজটি করছে৷
দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, সাধারণত চাল, ডাল, পেঁয়াজ, সবজিসহ ২৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা মূল্যতালিকা বোর্ডে লেখার নিয়ম রয়েছে। প্রতিদিন কারওয়ান বাজার ও মৌলভীবাজার থেকে এসব পণ্যের মূল্য সংগ্রহ করে তার সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে মূল্য লেখা হয়।
মহাখালী কাঁচাবাজারে গত ২০ মে গিয়ে দেখা যায়, পণ্যের মূল্যতালিকার দুটি বোর্ডের একটিতে তিন দিন আগের মূল্য লেখা৷ অন্যটিতে উল্লিখিত খুচরা মূল্য অনুযায়ী পণ্য কেনা যাচ্ছে না। কাঁচা মরিচের খুচরা মূল্য ৩৫ টাকা কেজি লেখা থাকলেও বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর দেশি মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা লেখা থাকলেও বিক্রেতাদের ১২০ টাকা পর্যন্ত দাম হাঁকতে দেখা গেছে।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে লোটাস মহাখালীর কাঁচাবাজাের প্রথম আলোেক বলেন, ‘তালিকা ধরে কোনো কিছু কিনতে পারবেন না। কয়েক দিন ধরেই একই তালিকা দেখছি।’ হাতিরপুল বাজারে ক্রেতা রশিদুল করিম বলেন, ‘তালিকা-টালিকা ধরে কিছু কেনা যায় না।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লোকবল কম থাকায় অনেক সময় সবগুলো বাজারে মূল্যতালিকা হালনাগাদ করা সম্ভব হয় না।’
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারক কমিটির ১৪টি দল মূল্যতালিকা কার্যকর করার জন্য কাজ করে। এর বাইরে সিটি করপোরেশনের কর্মকর্তারাও অনেক সময় ঝটিকা বাজার অভিযানে যান। তবে এত কিছুর পরও কেন এটি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘বোঝেনই তো ভাই। দাম তো একটু কমবেশি হবেই।’
তবে বাজার তদারকির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মোড়কজাত পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকায় তা নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হলে বিক্রেতার বিরুদ্ধে আইনগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তবে কাঁচা পণ্যের কোনো সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা নেই। এসব পণ্যের দাম নির্ধারণে কোনো কর্তৃপক্ষও নেই৷
২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযান শুরু করে অধিদপ্তর। সংস্থাটি এ পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ব্যবসায়ীদের প্রায় আট কোটি জরিমানা করেছে বলে জানায়৷
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, পণ্যের মূল্যতালিকা টাঙানো হলে ক্রেতাদেরই সুবিধা হয়। তাঁরা দাম দেখে পণ্য কিনতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হলো একেক বাজারে একেক পণ্যের দাম একেক রকম।
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘আগামী ৫ জুন বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে বাজার তদারক কমিটির বৈঠকে বিষয়গুলো তোলা হবে। আশা করি, তার পর থেকে এ ধরনের সমস্যা আর থাকবে না।’