বাজারে যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ
বাজারে যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ

ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ এখন খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই পেঁয়াজের যৌক্তিক দাম হওয়া উচিত ৩০ থেকে ৩৬ টাকা। এমন পর্যবেক্ষণ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ট্যারিফ কমিশনের।
ট্যারিফ কমিশনে গঠিত নিত্যপণ্যের তদারক সেল গত জুন মাসের বাজার পরিস্থিতির একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনেই তাদের এই পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে। বাজারে যেন ৩০ থেকে ৩৬ টাকায় পেঁয়াজ বিক্রি হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশও করেছে সংস্থাটি।
ট্যারিফ কমিশনের এই প্রতিবেদনটি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। ওই আমদানিমূল্য বিশ্লেষণ করে আমরা দেখেছি ৩০ থেকে ৩৬ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। সেই বিষয়টিই আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাণিজ্যসচিব হেদায়েত আল মামুন প্রথম আলোকে জানান, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে গতকাল সোমবার কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে আরেকটি বৈঠক করা হবে। তিনি বলেন, পেঁয়াজ একটি পচনশীল পণ্য। বেশি দিন আটকে রাখা যায় না। ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন কি না, যাচাইয়ে বাজার তদারক দলকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সচিব অবশ্য মনে করেন, হঠাৎ করে কোনো পদক্ষেপ নিলে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ে। মূল্যস্ফীতিসহ হিসাব করলে ভারতীয় পেঁয়াজের দর ২২ শতাংশ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, কলকাতায় পেঁয়াজের কেজি বাংলাদেশি মুদ্রায় ৪৪ টাকা। প্রতিবছর সেপ্টেম্বরে ভারতীয় পেঁয়াজ বাজারে ওঠে—তথ্য জানিয়ে সচিব বলেন, তার আগেই পেঁয়াজের দর কমে আসবে।
ভারতীয় পেঁয়াজের রপ্তানিমূল্য নিয়ে দেশে কারসাজির বিষয়ে প্রথম আলোতে ২ জুলাই ‘ভারতীয় পেঁয়াজে এত মুনাফা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পেঁয়াজের দাম কোনোভাবেই ৩০ টাকার বেশি হওয়ার যৌক্তিক কারণ নেই।
ট্যারিফ কমিশনও তাদের প্রতিবেদনে অনেকটা একই কথা বলেছে। সংস্থাটি বলছে, ভারত সরকারের নির্ধারিত নতুন রপ্তানিমূল্যে পেঁয়াজ আমদানি না করেও আমদানিকারকেরা কৃত্রিমভাবে বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ জুন প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার নির্ধারণ করে। স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতেই এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু এতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এর মাত্র ১৩ দিনের মাথায় ভারত রপ্তানিমূল্য আরেক দফা বাড়ায়। এখন প্রতি টন পেঁয়াজ আমদানির ব্যয় ন্যূনতম ৫০০ ডলার।
ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে এখন পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২১ লাখ টন। এ বছর দেশে প্রায় সাড়ে ১৩ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আর পবিত্র রমজানে দেশে পেঁয়াজের চাহিদা প্রায় তিন লাখ টন।
চাহিদার তুলনায় উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকায় প্রতিবছরই পেঁয়াজের চাহিদার একটি বড় অংশ মেটানোর জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। আমদানির প্রায় পুরোটাই আসে ভারত থেকে। আর এই ভারতনির্ভরতার কারণেই ভারতের বাজারে পেঁয়াজের দামের সামান্য হেরফের হলেই দেশেও এর প্রভাব পড়ে।
ট্যারিফ কমিশনের প্রতিবেদন বলছে, দেশে উৎপাদিত পেঁয়াজের মূল্য সাধারণত আমদানি করা পেঁয়াজের মূল্যের সঙ্গে প্রতিযোগিতা করে নির্ধারিত হয়। উৎপাদন মৌসুমের শুরুতে আমদানিনির্ভরতা কম থাকে এবং মৌসুম শেষে এ আমদানিনির্ভরতা বাড়তে থাকে। বর্তমানে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ ৬৫ শতাংশ এবং আমদানিনির্ভর পেঁয়াজের সরবরাহ ৩৫ শতাংশ। যেহেতু উৎপাদন মৌসুম চার মাস আগে শেষ হয়েছে, তাই আমদানিনির্ভরতা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। আর আমদানিমূল্যকে ভিত্তি ধরেই স্থানীয় বাজারমূল্য নির্ধারিত হবে। পেঁয়াজ আমদানির জন্য বাংলাদেশ পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল।
অন্যদিকে ভারত সরকার সে দেশের বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে দফায় দফায় পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে। আমদানিনির্ভরতার কারণে এর প্রভাব এ দেশের বাজারে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে তা তখনই হবে যখন বর্ধিত রপ্তানিমূল্যে এ দেশের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি শুরু করবেন।
কিন্তু বর্ধিত মূল্যে আমদানি না করেই সেই মূল্যে স্থানীয় বাজারে দাম নির্ধারণ করছেন ব্যবসায়ীরা। ট্যারিফ কমিশনের প্রতিবেদনেও বলা হয়েছে, ৫০০ ডলার মূল্যে পেঁয়াজ এখনো দেশে প্রবেশ করেনি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিমভাবে পেঁয়াজের মূল্য বাড়াচ্ছেন বলে প্রতীয়মান হয়।
ঢাকার পেঁয়াজ, রসুন, আদার সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজার। এখানকার কয়েকজন আমদানিকারক জানিয়েছেন, এখনো তাঁরা ৫০০ ডলারে কোনো পেঁয়াজ আমদানি করেননি। কারণ, এই দামে পেঁয়াজ আমদানি করলে প্রতি কেজিতে ব্যয় দাঁড়াবে ৪৫ টাকার মতো। এই দামে পেঁয়াজ এনে এই মুহূর্তে তা বাজারে বিক্রি করা যাবে না। সে কারণে বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানিও কম।
গতকাল শ্যামবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ মানভেদে ২৫ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ শ্যামবাজারে কম।
‘ভারতীয় পেঁয়াজের যৌক্তিক দাম হওয়া উচিত ৩০ থেকে ৩৬ টাকা’—ট্যারিফ কমিশনের এমন পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে শ্যামবাজারের আমদানিকারক ও পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘আমিও তাই মনে করি। কারণ, বাজারে এখনো ৩০০ ডলারে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে।’ তাহলে বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে কেন?—জানতে চাইলে তিনি বলেন, ‘খুচরা বাজারে তো আমরা বিক্রি করি না। এর জন্য দায়ী খুচরা বিক্রেতারা।’