বাজারে লাইমস্টোন পাউডারের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে বিভিন্ন শিল্পে ব্যবহৃত লাইমস্টোন পাউডারের সংকট তৈরি হয়েছে। পণ্যটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছে সিমেন্ট, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য উৎপাদকেরা।
কয়েক মাস আগেও বাজারে এক কেজি লাইমস্টোন পাউডারের দর ছিল ৭ টাকার কাছাকাছি। এখন তা ১২ থেকে ১৪ টাকায় উঠেছে।
আমদানিকারকেরা জানিয়েছেন, পুরোনো এইচএস কোডের আওতায় পণ্যটি ভুটান থেকে শুল্কমুক্তভাবে আমদানি হতো। গত ফেব্রুয়ারিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এইচএস কোড পরিবর্তন করে নতুন কোডের আওতায় পণ্যটি শুল্কায়নের নির্দেশ দেয়। এতে প্রতি টনে এখন ২ হাজার ৭০০ টাকা বাড়তি শুল্ক দিতে হচ্ছে। ফলে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে।
লাইমস্টোন পাউডার মূলত পাললিক পাথরের গুঁড়া। শিল্পে ব্যবহারের জন্য বাংলাদেশ ভুটান থেকে প্রচুর পরিমাণে লাইমস্টোন পাউডার আমদানি করে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় ভুটান বাংলাদেশকে ৬০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ভুটানের ১৮টি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এর একটি হলো লাইমস্টোন পাউডার।
স্কয়ার টয়লেট্রিজের সহকারী ব্যবস্থাপক মুয়ীদ বিন সাঈদ বলেন, আগের চেয়ে প্রায় দ্বিগুণ দাম দিয়েও ভালো মানের লাইমস্টোন পাউডার মিলছে না। ভালো মানের লাইমস্টোন পাউডার ছাড়া ভালো ডিটারজেন্ট তৈরি করা যায় না।
পণ্যটির এইচএস কোড জটিলতা সমাধানে আলোচনার জন্য গত ১৫ জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাসিড মার্চেন্টস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি হারুন-আল-রশিদ বলেন, আগে এক বস্তা (৫০ কেজি) লাইমস্টোন পাউডার আমদানিতে খরচ পড়ত ২৫০ টাকা। এখন ১৩৫ টাকা বাড়তি লাগছে। এত দামে আমদানি করে তা বিক্রি করা সম্ভব নয়। তাই এখন আমদানিকারকেরা আমদানি বন্ধ রেখেছেন।