বাজারে সবজিসহ কাঁচা পণ্যের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। আর বাজারেও এর প্রভাব পড়েছে। কেবল এক থেকে দুই দিনের ব্যবধানে রাজধানীর বাজারে বেশির ভাগ পণ্যের দাম বেশ বেড়েছে। বিভিন্ন বাজার ঘুরে আজ এমনটাই জানা গেছে।রাজধানীতে আজ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুনে দাম বেড়েছে প্রায় ১৪ থেকে ১৬ টাকা। এ ছাড়া শসা, মুড়ি, চিঁড়া, টমেটো, লেবু, ব্রয়লার মুরগি ও ধনেপাতার দামও বেড়েছে। তবে চিনি, বোতলজাত ভোজ্যতেল, পেঁয়াজ, আলু, ছোলা, ডাবলি ও খেসারি ডালের দাম অপরিবর্তিত রয়েছে।নয়াবাজারের সবজি বিক্রেতা সফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার তিনি প্রতি কেজি বেগুন ৩২ থেকে ৩৬ টাকায় বিক্রি করেন। আজ তা বিক্রি করছেন ৪৮ থেকে ৫০ টাকায়। একইভাবে গতকাল প্রতি কেজি শসা ৩০ টাকায় বিক্রি করেছিলেন। আজ দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। আরেক সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, দুই দিন আগে থেকেই বাজারে বেগুন ও শসার দাম বেড়ে গেছে। কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা ইয়াসিন আলী জানান, গত দুই দিন আগে তিনি প্রতি কেজি শসা ১২ থেকে ১৪ টাকায় বিক্রি করেছিলেন। আর আজ শসা ১৮ থেকে ২০ টাকায় বিক্রি করছেন। তিনি জানান, মোকামে মাল সরবরাহ আছে, তবে সঙ্গে চাহিদাও বেড়েছে।কারওয়ান বাজারের সবজি বিক্রেতা জমির উদ্দিন জানান, গতকাল তাঁর দোকানে প্রতি কেজি টমেটো ৯০ টাকায় বিক্রি হয়েছিল, আজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম একটু বেশি।নয়াবাজারের মুড়ি ব্যবসায়ী আলী হোসেন জানান, গতকাল তিনি প্রতি কেজি মেশিনে ভাজা মুড়ি ৪৮ টাকায় বিক্রি করেছিলেন। আজ বৃহস্পতিবার তা ৫৫ টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, ‘মোকামে বেশি টাকা দিয়েও মাল পাওয়া যাচ্ছে না। এ কারণে দাম বেড়েছে।’ তিনি আরও জানান, বুধবার প্রতি কেজি পাটালি গুড়ের দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আজ তা ৭০ টাকা বিক্রি করছেন।ব্রয়রার মুরগি বিক্রেতা আমজাদ হোসেন জানান, গতকাল তিনি প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ টাকায় বিক্রি করেছিলেন। আজ ১৫০ টাকা বিক্রি করছেন। দাম বাড়ার ব্যাপারে তিনি বাজারে সরবরাহের স্বল্পতাকে দায়ী করেন।পুরান ঢাকার মৌলভীবাজারের মুদি ব্যবসায়ী আলাউদ্দিন জানান, দু-তিন দিন আগেও তিনি প্রতি কেজি চিঁড়া ৩৪ টাকায় বিক্রি করেছিলেন। আজ থেকে তা ৪০ টাকায় বিক্রি করছেন। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে। প্রতি কেজি ৩৩ টাকার ময়দা এখন ৩৭ টাকা এবং ২১ টাকার আটা বর্তমানে ২৬ টাকায় বিক্রি হচ্ছে।