বাজারে স্থিতিশীলতা আনতে এসইসির দুই সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত দরপতনের মুখে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) লেনদেন। আজ মঙ্গলবার বেলা একটা ৪০ মিনিটে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এই সিদ্ধান্ত নেয়। এদিকে বাজারে স্থিতিশীলতা আনতে নতুন দুটি সিদ্ধান্ত নিয়েছে এসইসি।সিদ্ধান্ত দুটি হলো স্টক ডিলারদের ক্ষেত্রে মেম্বারস মার্জিনের জামানতবিহীন লেনদেনের সীমা পাঁচ থেকে ১৫ কোটিতে বৃদ্ধি। তবে, এ ক্ষেত্রে ওই স্টক ডিলারকে কমপক্ষে পাঁচ কোটি টাকার শেয়ার কিনতে হবে এবং সব কোম্পানির ক্ষেত্রে অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তর। বিকেলে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে এসইসির মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে বাজারের নিম্নগামী প্রবণতার কারণে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাঁদের আস্থা ধরে রাখার জন্য আজ দ্বিতীয়বারের মতো লেনদেন বন্ধ করা হয়। পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ওই সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে তিনি জানান। এ ছাড়া কাল বুধবার থেকে আবার যথারীতি লেনদেন শুরু হবে বলে জানান তিনি।এ সময় ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী সাংবাদিকদের জানান, বর্তমানে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা অনেক কমে গেছে। এ ছাড়া বাজারে তারল্য-সংকটও রয়েছে। তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং তারল্য-সংকট কাটাতে ডিএসইর পক্ষ থেকে এসইসিকে ওই দুটি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দরপতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সাধারণ মূল্যসূচক ৭৬ পয়েন্ট নেমে যায়। এরপর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও বেলা একটা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩৭.৩৩ পয়েন্ট বা ৩.২১ শতাংশ কমে গেলে চিন্তিত হয়ে পড়ে খোদ নিয়ন্ত্রক সংস্থা এসইসি। ফলে এসইসি তাত্ক্ষণিকভাবে ডিএসইর লেনদেন বন্ধ করে দেয়।একই সময়ে বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও। এর আগে গত সোমবার লেনদেনের ৫০ মিনিটের মাথায় দুই স্টক এক্সচেঞ্জে বড় ধরনের দরপতন হলে নিয়ন্ত্রক সংস্থা দুই স্টক এক্সচেঞ্জেরই লেনদেন বন্ধ করে দেয়।এদিকে চার দিন ধরে অব্যাহত দরপতনের ফলে আতঙ্কিত বিনিয়োগকারীরা আজ বেলা একটার দিকে ডিএসইর সামনের রাস্তায় নেমে আসে। তবে পুলিশের বাধার মুখে তাঁরা বারবার চেষ্টা করেও কোনো প্রতিবাদ করতে পারেননি। শেষ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা ডিএসইর সামনের রাস্তার পাশে জড় হয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা ডিএসই ও এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ সূচক ২৩৭.৩৩ পয়েন্ট কমে ৭১৪০.৩৩ পয়েন্টে দাঁড়ায়। সূচক কমার পাশাপাশি ডিএসইতে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩৪টির এবং বেড়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট ৬০৯ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইর লেনদেন বন্ধের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থা। বেলা একটা ৪০ মিনিট পর্যন্ত সিএসই সাধারণ মূল্যসূচক ৪৬১.৩০ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমে ২০৫৩৫.৪৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০টির এবং কমেছে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৫৫ কোটি টাকার লেনদেন হয়।