বাজারে স্থিতিশীলতা আনতে বিনিয়োগকারীদের স্মারকলিপি
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে বিনিয়োগকারীদের একটি সংগঠন। ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে এই স্মারকলিপি দেওয়া হয়।তাদের দাবিগুলো হলো—পুঁজিবাজার উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য অবিলম্বে মার্জিন ঋণের বিপরীতে ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সুদ মওকুফ; বাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নজরদারি জোরদার; বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর আরও কমাতে হবে; কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার বাইব্যাক করার সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে এক মাস করা; এসইসির মনিটরিং টিম আরও শক্তিশালী করা এবং শেয়ার কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; সূচক কোনোভাবেই সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামতে না দেওয়া; পুঁজিবাজার স্থিতিশীল রাখতে কোনো কোম্পানির শেয়ারদর তিন শতাংশের নিচে যাতে না নামতে পারে, সে ব্যাপারে নিম্নমুখী সার্কিট ব্রেকার নির্ধারণ; ডিএসই ও সিএসইকে ডিমিউচুয়ালাইজেশন ও পুঁজিবাজার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে মিডিয়ায় বিশেষজ্ঞদের বক্তব্যের ব্যাপারে সতর্ক হওয়া।বেলা দুইটার দিকে সংগঠনটির সভাপতি মো. আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ স্মারকলিপি দেন। এ সময় আরেক সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন।