বাজারে স্থিতিশীলতা চায় বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০১০ সালের লেনদেন। আজ রোববার শুরু হচ্ছে নতুন বছরের প্রথম লেনদেন। আর তাই নতুন বছরের শুরুতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ডিএসই কর্তৃপক্ষের কাছে বিনিয়োগকারীরা চান বাজারের স্থিতিশীলতা। তাঁরা আশা করেন, কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই বাজার যেন তার নিজস্ব গতিতে চলে। তবে বাজার বিশ্লেষকেরা মনে করেন, স্থিতিশীলতা আনতে বাজারে নতুন শেয়ার ছাড়ার বিকল্প নেই।বিনিয়োগকারীরা বলছেন, সম্প্রতি বাজারে বেশ অস্থিতিশীলতা দেখা যায়, গত ডিসেম্বর মাসে একাধিকবার বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পুঁজি হারানোর ভয়ে অনেক বিনিয়োগকারী রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে পুরো মতিঝিলের বাণিজ্য এলাকা স্থবির হয়ে পড়ে।বিনিয়োগকারীরা জানান, তাঁরা ১৯৯৬ সালের অবস্থায় ফিরে যেতে চান না। ১৯৯৬ সালের ৬ নভেম্বর এক দিনে ২৩৩ পয়েন্ট কমে যায় ডিএসইর সাধারণ সূচক, যা ডিএসইর ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে মনে করেন তাঁরা।এক বিনিয়োগকারী বলেন, বাজারের স্থিতিশীলতা আনতে এসইসি ঘোষিত ১:১.৫ মার্জিন ঋণ কার্যকর করা প্রয়োজন। তিনি জানান, এখনো বেশির ভাগ ব্রোকারেজ হাউস এসইসির সিদ্ধান্ত অনুযায়ী ঋণ দিচ্ছে না। ফলে তাঁরা আশানুরূপ শেয়ার কিনতে পারছেন না। তাঁর মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে বাজার আবারও ঘুরে দাঁড়াবে।তবে এক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিসেম্বর মাসে তাঁদেরকে প্রচুর নগদ অর্থসমস্যায় পড়তে হয়েছে। এর ফলে তাঁরা বিনিয়োগকারীদের এসইসির সিদ্ধান্ত অনুযায়ী ঋণ দিতে পারেননি। তবে এ সংকট কেটে গেলে তাঁরা নিয়ম অনুযায়ী ঋণ দিতে পারবেন বলে আশা করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিনিয়োগকারী বলেন, তাঁরা এসইসিতে সংশোধনী চান। কেননা, এসইসির অনেক কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁরা আরও জানান, এসইসিকে এমন সিদ্ধান্ত নিতে হবে, যা অন্তত ছয় মাস কার্যকর থাকবে। সাম্প্রতিক বড় ধরনের দরপতনের পেছনে এসইসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনকেও দায়ী করেন তাঁরা। তাঁদের মতে, এসইসি যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়, তাহলে বাজারের টালমাটাল অবস্থা অনেকাংশে কেটে যাবে এবং বাজারে স্থিতিশীলতা আসবে।বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আতাই গাজী মাহবুব বলেন, বাজারে যেকোনো ধরনের কারসাজি ধরতে ডিজিটাল মনিটরিং-ব্যবস্থা চালু করা উচিত। তাহলে কেউ কোনো ধরনের কারসাজি করতে সাহস পাবে না। তিনি আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকৃত অতিরিক্ত অর্থ ব্যাংকগুলোর বাজার থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা উচিত।এ ব্যাপারে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারে যথেষ্ট তারল্য রয়েছে। বর্তমানে মূল সমস্যা হলো বাজারে শেয়ার সরবরাহ কম। এর ফলে অনেক শেয়ার অতিমূল্যায়িত হয়ে পড়ছে। এতে বাজারে অস্থিতিশীলতা ও ঝুঁকি বিরাজ করছে। এ মুহূর্তে স্থিতিশীলতা আনতে বাজারে নতুন শেয়ার সরবরাহ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সরকার ঘোষিত ২৬ সরকারি প্রতিষ্ঠানের শেয়ার দ্রুত বাজারে আনা দরকার। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারও বাজারে আনতে হবে। অন্যথায় বাজারে ঝুঁকি থেকেই যাবে।এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এ বছর প্রচুর শেয়ার বাজারে আসবে।’ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের মতো বেশ কয়েকটি বড় কোম্পানি ইতিমধ্যে আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের শেয়ার সরকারের হাতে রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে বাজারে আসবে বলে তিনি আশা করেন।কোনো প্রকার গুজবে কান না দিয়ে বুঝে, শুনে এবং কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রকিবুর রহমান।