এক মাসেরও বেশি সময় ধরে ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে চলা শেয়ারবাজার অবশেষে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে পেয়েছে। বাজারের ধস ঠেকাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি আস্থা রেখে বিনিয়োগকারীরা আবারও লেনদেনে সক্রিয় হয়েছেন। আর এতে সরকার, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। কিন্তু এই স্থিতিশীলতা কত দিন স্থায়ী হবে তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নানা পদক্ষেপে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় শেয়ারের চাহিদা বাড়তে শুরু করেছে। এ অবস্থায় নতুন শেয়ারের জোগান বাড়াতে না পারলে বাজার আবারও অতি মূল্যায়িত হয়ে উঠবে। তখন অনিবার্যভাবেই আরেকটি ধসের মুখে পড়বে বাজার, যা সরকার বা বাজার-সংশ্লিষ্ট কারও জন্যই সুখকর হবে না।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘এ রকম একটা ধসের পর আমি ভেবেছিলাম বিনিয়োগকারীরা কিছুটা সংযত ও সতর্ক হবেন। কিন্তু তাঁদের আচরণে সেটা লক্ষ করা যাচ্ছে না। এ রকম চলতে থাকলে আবারও একই পরিস্থিতির সৃষ্টি হবে। তখন এসইসি বা বাংলাদেশ ব্যাংককে কোনো দোষারোপ করে লাভ হবে না।’ তিনি বলেন, বাজারের সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় সংশোধন এনে বুকবিল্ডিং পদ্ধতি দ্রুত চালু করতে হবে। প্রাথমিক শেয়ারের (আইপিও) সরবরাহ আটকে দিয়ে বাজার ধরে রাখা যাবে না।জানা গেছে, বর্তমানে বেসরকারি খাতের ৫০টির মতো কোম্পানি আইপিওতে আসার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া সরকারি মালিকানাধীন ২৬টি কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার কথা রয়েছে। বাজার পরিস্থিতি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৮৭ পয়েন্ট বা ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে সাত হাজার ৫৭৩ পয়েন্ট হয়েছে। এ নিয়ে গত চার দিনে সূচক পুনরুদ্ধার হয়েছে এক হাজার ২৪৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫০৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৬৯ পয়েন্ট ছাড়িয়ে গেছে। লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকা। আর ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার দুই কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম।