বাজারের শীর্ষে ফিরতে কিছুটা সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সুরেশ নারায়ণন
সুরেশ নারায়ণন

নেসলে বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম দেখতে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুরেশ নারায়ণন। সুইজারল্যান্ডের বহুজাতিক এ খাদ্য নির্মাতাপ্রতিষ্ঠান ১৫০ বছরের বেশি সময় বিশ্বের ২০০টি দেশে ব্যবসা করে আসছে। আর বাংলাদেশে নেসলের ব্যবসা শুরু হয় ১৯৯৪ সালে। নেসলে বাংলাদেশের ব্যবসা নিয়ে প্রথমআলোর সঙ্গে কথা বলেছেন সুরেশ নারায়ণন।

প্রথম আলো: শুরুতে আপনার সফরের উদ্দেশ্য জানতে চাচ্ছি।

সুরেশ নারায়ণন:

নেসলে বাংলাদেশের কার্যক্রম দেখাই মূল উদ্দেশ্য। আগেও নেসলের কর্মকর্তা হিসেবে আমি বাংলাদেশে এসেছি। এবার এলাম ১০ বছর পর।

প্রথম আলো: নেসলে বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম কেমন দেখলেন?

সুরেশ নারায়ণন: বাংলাদেশে নেসলের পথচলা শুরু ১৯৯৪ সালে। এই সময়ে নেসলে বাংলাদেশ ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। ভোক্তার আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। নিজস্ব উৎপাদন কারখানাও চালু করেছি। এ দেশের বাজারের ভবিষ্যৎ সম্ভাবনা অনেক। সব মিলিয়ে বাংলাদেশের ব্যবসা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট।

প্রথম আলো: বাংলাদেশে নেসলের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা কী?

সুরেশ নারায়ণন: পুষ্টি, দুগ্ধজাত পণ্য, চকলেট, কনফেকশনারি, কফি—ভোগ্যপণ্যের যে কয়টি ক্ষেত্রে নেসলের ব্যবসা রয়েছে, সবখানেই আমাদের আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠান হিসেবে নেসলের বিশাল ভোক্তাগোষ্ঠী আছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে। প্রতিবছর ২০ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হচ্ছে। এসব নেসলের মতো প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক। কারণ, আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গেই মানুষ মানসম্পন্ন পণ্য কেনার ব্যাপারে সচেতন হন। নেসলে বিশ্বাস করে, পণ্যের মান ও ভোক্তার আস্থা একই সূত্রে গাঁথা।

প্রথম আলো: বাংলাদেশের কারখানায় নেসলের কী কী পণ্য উৎপাদিত হয়?

সুরেশ নারায়ণন: নেসলের মাঞ্চ চকলেট এখানে তৈরি হয়। এ ছাড়া শিশুখাদ্য সেরেলাক, দুগ্ধজাত পণ্য, ম্যাগি নুডলস এখানে তৈরি হয়। নেসক্যাফে কফির মোড়কজাতের কাজটিও এখানে করা হয়। গত চার-পাঁচ বছরে এই কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে আমরা অনেক বিনিয়োগ করেছি।

প্রথম আলো: বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি কেমন মনে করেন? ভবিষ্যতে নেসলের বিনিয়োগ কি বৃদ্ধি পাবে?

সুরেশ নারায়ণন: সম্ভাবনাময় বাজার হিসেবে ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগের পরিকল্পনা নেসলের অবশ্যই আছে। বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমরা বিবেচনা করি। এর মধ্যে অন্যতম হলো নেসলের মতো প্রতিষ্ঠানের পণ্য কিনতে আগ্রহী ভোক্তার সংখ্যা, বাজার যথেষ্ট বড় ও সম্ভাবনাময় কি না। তারপর বিবেচনায় থাকে দীর্ঘ সময়ের জন্য আমরা ওই বাজারে ব্যবসা করতে পারব কি না। কারণ, স্বল্প সময়ের জন্য নেসলে কখনোই বিনিয়োগ করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগ আকর্ষণে একটি দেশের সামগ্রিক পরিস্থিতি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বেশ ভালো। খাদ্য ব্যবসায় নেসলের মতো প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ আদর্শ দেশ। ভোক্তার সঙ্গে আস্থার সম্পর্ক তৈরিতে নেসলে বাংলাদেশের বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত হচ্ছে।

প্রথম আলো: নুডলসের বাজারে শীর্ষ একটি ব্র্যান্ড ‘ম্যাগি’। গত বছর বেশ কিছু বিতর্ক তৈরি হওয়ায় ভারতের বাজার থেকে ম্যাগিকে সাময়িকভাবে উঠিয়ে নিতে হয়েছিল। এখন বাজারে ম্যাগির কী অবস্থা?

সুরেশ নারায়ণন: ম্যাগি সম্পর্কে দুর্ভাগ্যজনকভাবে গত বছর বড় রকমের একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল। সে সময় ভারতের বাজার থেকে ৩৫ হাজার টন ম্যাগি নুডলস প্রত্যাহার করতে হয়। একই সঙ্গে ভারত সরকার পণ্যটির ওপর সাময়িক নিষেধাজ্ঞাও জারি করে। মানের সব রকমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাগি আবার বাজারে খুব ভালোভাবে ফিরে এসেছে। এ জন্য ম্যাগিকে ছয় হাজারের বেশি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিটি নমুনা পরীক্ষায় ম্যাগি সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এ ব্যাপারে নেসলে যে কখনো আপস করেনি, সেটা মুম্বাইয়ের আদালতেও প্রমাণিত হয়েছে। এ ঘটনা আমাদের ব্যবসায় অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে ভারতে ম্যাগি উৎপাদনের সঙ্গে জড়িত চার লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন উৎপাদন-প্রক্রিয়ার সঙ্গে জড়িত ময়দা উৎপাদনকারী কারখানা, পরিবেশক, খুচরা বিক্রেতারাও। ভারতজুড়ে ম্যাগি নুডলস বিক্রি করে এমন ৪০ লাখ আউটলেট ও দোকানের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট থেকে বড় অসংখ্য রেস্তোরাঁ যারা ম্যাগি নুডলসের বিভিন্ন রেসিপি তৈরি করে বিক্রি করত, তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথম আলো: বাংলাদেশের বাজারে ম্যাগির অবস্থা এখন কেমন?

সুরেশ নারায়ণন: বাংলাদেশে ম্যাগি সব সময়ই শতভাগ নিরাপদ ছিল। ভারতে ম্যাগির মান নিয়ে কোনো সমস্যা ছিল না। তবে ভারতের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার প্রভাব বাংলাদেশের বাজারে স্বাভাবিকভাবে চলে আসে। এখন সে সংকট অনেকটাই কেটে গেছে।

প্রথম আলো: ওই ঘটনার আগে বাজারের এক নম্বর ব্র্যান্ড ছিল ম্যাগি। এখনকার অবস্থান কী?

সুরেশ নারায়ণন: বাজারের শীর্ষ অবস্থানে ফিরে আসতে কিছুটা সময় হয়তো লাগবে কিন্তু আমরা সেটি পারব বলে বিশ্বাস করি। সম্প্রতি ম্যাগি চিকেন স্বাদের নুডলস আমরা বাজারে নিয়ে এসেছি। সামনে আরও কিছু বৈচিত্র্য নিয়ে আসব। নতুন পণ্য ও উদ্যোগের মাধ্যমে সামনের দিনগুলোতে ম্যাগির অবস্থান ক্রমেই শক্তিশালী হবে।

প্রথম আলো: নেসলে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এ বাজারে ব্যবসা করছে। নেসলে ইন্ডিয়া ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাংলাদেশের পুঁজিবাজারে আসার ব্যাপারে আপনারা কী ভাবছেন?

সুরেশ নারায়ণন: পুঁজিবাজারে আসার সিদ্ধান্তটি একটি দীর্ঘমেয়াদি মূল্যায়নের বিষয়। এখন পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে আসার কোনো পরিকল্পনা আমাদের নেই।