বাজেট অধিবেশনে উঠছে শুল্ক আইনের সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনেই কাস্টমস আইনের সংশোধনী অনুমোদনের জন্য উঠছে। প্রস্তাবিত সংশোধনীতে পণ্য আমদানি-রপ্তানিতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় তথ্য সংগ্রহ, জমা ও কার্যক্রম পরিচালনাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবার সেবার বিনিময়ে মাশুল আরোপ করার কথাও বলা হয়েছে।
সামগ্রিকভাবে ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে একদিকে যেমন আমদানি-রপ্তানিকারকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে, অন্যদিকে শুল্ক কর্মকর্তাদের ইচ্ছাধীন ক্ষমতাও কমানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৯৬৯ সালের কাস্টমস আইনের প্রস্তাবিত সংশোধনীর ওপর ব্যবসায়ীদের মতামত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগ। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের শুল্কনীতি বিভাগের সদস্য ফরিদউদ্দিন।
অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সংশোধনীর সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, মাশুল আরোপ সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। নিষিদ্ধ আমদানি পণ্যের তালিকার সমালোচনা করেছেন অনেকে। কেউ বলেন, এই সংশোধনীগুলো একতরফাভাবে করা হচ্ছে।
সংশোধনীতে যা আছে: কাস্টমস আইনের সংশোধনীতে মূলত কার্যক্রম পরিচালনাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বড় সংশোধনীটি হলো ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রিসহ সব ধরনের দলিলাদি স্বয়ংক্রিয় বা ইলেকট্রনিক উপায়ে দাখিল করতে হবে। এমনকি শুল্ক পরিশোধও করতে হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। বর্তমানে সীমিত পরিসরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দলিলাদি দাখিলের সুযোগ রয়েছে।
জরিমানা, দণ্ড ও পণ্য বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সংশোধনীতে আরও বলা হয়েছে, নিয়মের ব্যত্যয় হওয়ার পাঁচ বছর পর কোনো দণ্ড বা পণ্য বাজেয়াপ্ত করা যাবে না। বর্তমানে ছয় মাসের মধ্যে আমদানিকারক বা রপ্তানিকারকেরা রিফান্ড চাইতে পারেন। সংশোধনীতে এই সময়সীমা তিন বছর করা হয়েছে।
বর্তমানে গ্যাট অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করে শুল্কায়ন করা হয়। আর সংশোধনীতে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মূল্য নির্ধারণ চুক্তি অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ ও শুল্কায়ন করা হবে।
এ ছাড়া যেকোনো আমদানিকারক চাইলে বন্দরে পণ্যের গবেষণাগার পরীক্ষা নিজের পক্ষে না গেলে পুনরায় তা করাতে পারবেন। বর্তমান আইনে আমদানিকারকের সেই সুযোগ নেই।
বর্তমানে শুল্ক বিভাগ বিভিন্ন ধারার আওতায় কিছু ক্ষেত্রে মাশুল নিতে পারে। কিন্তু সংশোধনী অনুযায়ী, শুল্ক বিভাগের সেবার বিনিময়ে সব ধরনের মাশুলকে একটি ধারার আওতায় আনা হবে। আর মাশুলের পরিমাণ সেবা দিতে গিয়ে যে খরচ হবে তার চেয়ে বেশি হবে না।
আলোচনা: এনবিআরের সদস্য ফরিদউদ্দিন বলেন, সংশোধনীগুলো আনা হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও স্বচ্ছতা আসবে। আন্তর্জাতিক মানদণ্ডে কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া শুল্ক কর্মকর্তারা কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, মাশুল আরোপের বিষয়টি সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া তিনি মনে করেন, সংশোধনীর আওতায় ব্যসায়ী প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এইও পেতে ওই সব প্রতিষ্ঠানকে যে ধরনের কঠোর নিয়ম পরিচালনা করতে হয়, তাতে দেশি প্রতিষ্ঠান এই সনদ পাওয়ার সম্ভাবনা কম।
ফরেন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘ঝুঁকি ব্যবস্থাপনা বলতে সংশোধনীতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কার নয়। এ ছাড়া মাশুলের কথা বলা হচ্ছে, এই মাশুল আরোপের ভিত্তি কী, সেটাও পরিষ্কার নয়।’ এসব বিষয় আরও সহজ করা উচিত বলে তিনি মনে করেন।
বেসরকারি গবেষণা সংস্থা বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার মতে, সংশোধনীতে যে নিষিদ্ধ পণ্যের তালিকা দেওয়া হয়েছে, তা আমদানি নীতির সঙ্গে সংগতিপূর্ণ না-ও হতে পারে। ভবিষ্যতে আমদানি নীতিতে এসব নিষিদ্ধ পণ্য না-ও থাকতে পারে।
কাস্টমস আইনের সংশোধনীগুলো পুরোপুরি একপেশে বলে মনে করেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফরিদ। চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) পরামর্শক ব্রায়ান জে ওশিয়া। উল্লেখ্য, আইএফসির সহায়তায় শুল্ক আইন সংশোধন করা হচ্ছে।